Chor Bagan Incident

চোরবাগানের পদপিষ্টের ঘটনার পরে তৎপরতা, নবান্নের নির্দেশে পাঠানো ন’জন আইপিএস অফিসারদের নজরে চলছে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, চলছে মাইকিং

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়েই তৎপরতার সঙ্গে নবান্নের নিযুক্ত আইপিএস অফিসারেরা কাজ করে চলেছেন। কোনও রকম অস্বাভাবিক ঘটনা না ঘটে বা একই সাথে পরিবহণ ব্যবস্থাও যাতে বিঘ্নিত না হয় এবং ভিড় নিয়েও যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয়, সবটাই তাঁরা কড়া নজরে  রেখেছেন।

(বাঁ দিক থেকে) মিরাজ খালিদ (আইজি) এবং ডেপুটি কমিশনার (দক্ষিণ) রাহুল দে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০৮:৫৫

চোরবাগান সর্বজনীনে ১৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন‍্য ন’জন আইপিএস অফিসারকে কলকাতার দুর্গাপুজোর দায়িত্ব দিয়েছে নবান্ন। তার মধ্যে রয়েছেন সিনিয়র আইপিএস অফিসার মিরাজ খালিদ এবং রূপেশ কুমার। তাঁকে দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘ এবং চেতলা অগ্রণীর পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে। অন‍্য দিকে, রাজ‍্য পুলিশের এসটিএফের ডিআইজি রূপেশ কুমারের ত্রিধারা সর্বজনীনের দায়িত্ব সামলাচ্ছেন।

মিরাজ খালিদ বর্তমানে রাজ‍্য পুলিশের (ট্রাফিক)-এর আইজি। তিনি এর আগে কলকাতা পুলিশ যুগ্ম কমিশনার (সদর দফতর) ছিলেন। দুর্গাপুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ব‍্যবস্থাকে হাতের তালুর মতো চেনেন তিনি। এ দিন সন্ধ্যা থেকে তাঁকে চেতলা অগ্রণীর মণ্ডপে অ‍্যাকশন মুডে দেখা গেল। কখনও তিনি মণ্ডপের ভিতরে যাচ্ছেন। ভিড়ের নিয়ন্ত্রণ এবং তার সার্কুলেশন প্রক্রিয়া রয়েছে তা মুহূর্ত মুহূর্তে খতিয়ে দেখছেন। বাইরে বেরিয়ে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত আরেক আইপিএস অফিসার প্রিয়ব্রত রায়ও চেতলার দুর্গাপুজোয় রয়েছেন।

অন‍্য দিকে, ত্রিধারা সম্মেলনীর পুজোতেও কার্যত অ‍্যাকশন মুডে আরেক আইপিএস অফিসার রূপেশ কুমার। তিনিও ভিড় নিয়ন্ত্রণ ব‍্যবস্থার ওপরে নজরদারি চালাচ্ছেন। তিনি এর আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) ছিলেন। সেখানে মন্ডপের ভিতরে দর্শনার্থীদের ছবি না তোলার জন‍্য অনুরোধ করা হয়েছে। তার জন‍্য ক্রমাগত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ফোমের একটি লাঠির ব‍্যবস্থা করা হয়েছে। এই লাঠির আঘাতে কেউ আঘাত হওয়ার কথা নয়। তবে ভিতরে ছবি তোলার জন‍্য ভিড় চলাচলের গতি ব‍্যহত হতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

চোরবাগানের পদপিষ্টের ঘটনার পরে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকলেও মহাঅষ্টমীর সন্ধ্যায় যথেষ্ট ভিড় রয়েছে চেতলা অগ্রণী এবং ত্রিধারায়। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় ১৯ জন দর্শনার্থীদের প্রাণ গিয়েছে। ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তৎপরতার সঙ্গে নবান্নের নিযুক্ত আইপিএস অফিসারেরা কাজ করে চলেছেন। কোনও রকম অস্বাভাবিক ঘটনা না ঘটে বা একই সাথে পরিবহণ ব্যবস্থাও যাতে বিঘ্নিত না হয় এবং ভিড় নিয়েও যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয়, সবটাই তাঁরা কড়া নজরে  রেখেছেন।


Share