KMC Election

কলকাতা উত্তরে ভোটার তালিকায় নাম তোলার বিশেষ উদ্যোগ, বিভিন্ন এলাকায় বসবে শিবির

এই লক্ষ্যে কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে। জেলা নির্বাচন আধিকারিক, কলকাতা উত্তর এবং কলকাতা পুরসভার কমিশনারের দফতরের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৬:২৮

ভোটার তালিকায় নাম নেই? প্রথমবার ভোট দেবেন? যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা উত্তর জেলা নির্বাচন দফতর। এই লক্ষ্যে কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে। জেলা নির্বাচন আধিকারিক, কলকাতা উত্তর এবং কলকাতা পুরসভার কমিশনারের দফতরের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের ১ অক্টোবর ২০২৬-এর নির্দেশিকা মেনে ভোটার তালিকার ধারাবাহিক হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে নাগরিকেরা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকার বাইরে না থাকেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, বিশেষ শিবিরগুলি পরিচালনা করবেন নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকেরা (এইআরও)। তাঁদের সহযোগিতা করবেন বুথ স্তরের আধিকারিক (বিএলও) এবং অন্যান্য নির্বাচনী কর্মীরা। বিশেষ করে রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে বসবাসকারী, শ্রমিক কলোনির বাসিন্দা এবং সমাজের প্রান্তিক অংশের যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হবে।

ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচিও নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্তরে প্রচার, ভোটার সচেতনতা কর্মসূচি এবং সংবাদমাধ্যমের মাধ্যমে আবেদন করার সুযোগ সম্পর্কে জানানো হবে নাগরিকদের।

নির্বাচন দফতরের লক্ষ্য, প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদের পাশাপাশি বিভিন্ন কারণে এখনও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, এমন যোগ্য নাগরিকদেরও এই কর্মসূচির আওতায় আনা। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনও যোগ্য নাগরিক যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ।


Share