Weather Update

অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব। অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও ভ্যাপসা অস্বস্তি। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১০:২৭

রাজ্যে আবহাওয়ার দুই ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে একদিকে স্বস্তির বৃষ্টি, অন্য দিকে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে, তাতেও স্বস্তি মিলবে না। 

অন্য দিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টির দাপট।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম বিহারের ওপরেও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শুক্রবার, শনিবার ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এ ছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে বলেই পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে তাপমাত্রা ও ভ্যাপসা গরম সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতে পারে।

তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

এদিকে কলকাতার আবহাওয়াও বেশ অস্বস্তিকর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ১১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share