Murder Case

‘মাকে মুক্তি দিলাম’, লেখা হয় চিরকুটে, হরিদেবপুরে বৃদ্ধাকে খুনের অভিযোগ প্রৌঢ় ছেলের বিরুদ্ধে, গ্রেফতার

ধৃতের নাম সাগর ঘোষ (৬০)। অভিযোগ, সাগর তাঁর বৃদ্ধা মা, উমারানি ঘোষের (৮৫) গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করেছেন। হরিদেবপুর থানার এলাকার হাফিজ মহম্মদ ইশাক রোডের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।

ধৃতের নাম সাগর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ০৮:০৪

বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠেছে প্রৌঢ় ছেলের বিরুদ্ধে। সেই সঙ্গে একটা চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে লেখা রয়েছে ‘মাকে মুক্তি দিলাম’। তার পরেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রৌঢ়। পুলিশ সূত্রের খবর, আর্থিক অনটনের কারণে মাকে খুন করেছে ওই প্রৌঢ়। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃতের নাম সাগর ঘোষ (৬০)। অভিযোগ, সাগর তাঁর বৃদ্ধা মা, উমারানি ঘোষের (৮৫) গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করেছেন। হরিদেবপুর থানার এলাকার হাফিজ মহম্মদ ইশাক রোডের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এর পরেই অভিযুক্ত প্রৌঢ় ১০০ ডায়ালে ফোন করেন। এর পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। দেহ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। সাগরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা সেখানে যান।

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে, ‘মাকে মুক্তি দিলাম।’ পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, পরিবারের আর্থিক অনটন ছিল। সাগর কোনও কাজ করত না। মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসার খরচ টানতে পারছিলেন না। সেই কারণেই এই ঘটনা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা সন্দেহ করছে। 

উল্লেখ্য, সাগর ঘোষ ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বিরুদ্ধে পূর্বেও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। করোনাকালে তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুন করার চেষ্টা করেন। ঘটনার পরে খুনের চেষ্টার মামলায় জেলও খাটতে হয়েছিল। কিন্তু পরে স্ত্রী তাঁর ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বলেও স্থানীয়েরা জানিয়েছন।


Share