Property Dispute

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে! পুলিশের হস্তক্ষেপে নাগেরবাজার থেকে ৭২ বছরের বৃদ্ধ উদ্ধার

নাগেরবাজারের ফুটপাত থেকে অসুস্থ জগন্নাথ জানাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করল পুলিশ। প্রাথমিক তদন্তে সম্পত্তির দখল নেওয়ার জন্যই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

ফুটপাতের ধারে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন ৭২ বছরের এক বৃদ্ধ। দিনের পর দিন স্থানীয়রা তাঁকে ওই অবস্থায় দেখেছেন। শেষ পর্যন্ত সোমবার রাতে টহল দেওয়ার সময় বিষয়টি পুলিশের নজরে আসে। নাগেরবাজার এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে, সম্পত্তির দখল নেওয়ার জন্যই নাকি বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া বৃদ্ধের নাম জগন্নাথ জানা। তাঁর ছেলে দেবাশিস জানার বিরুদ্ধে বাবাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নাগেরবাজার এলাকার একটি ফুটপাতের ধারে দোকানের শেডের নিচে গুটিসুটি মেরে শুয়ে ছিলেন জগন্নাথ। পরনে ছিল একটি হাফপ্যান্ট ও মলিন গেঞ্জি। মাথার পাশে জলের বোতল রাখা ছিল। টহল দেওয়ার সময় বিষয়টি নাগেরবাজার থানার এসআই কাজি আতাউর জামানের নজরে পড়ে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ভাঙা ভাঙা গলায় ওই বৃদ্ধ নিজের নাম জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান নাগেরবাজার থানার আইসি সুমিতকুমার বৈদ্য। তাঁর নির্দেশেই জগন্নাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আর জি কর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জগন্নাথের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বামনবার এলাকায়। বর্তমানে তিনি দমদমের অজয়নগরের কালীমন্দিরের কাছে ছেলে দেবাশিসের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে।

জগন্নাথের প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বার বিয়ে করেন। দেবাশিস সেই পক্ষের সন্তান। জানা গিয়েছে, জগন্নাথের দ্বিতীয় স্ত্রীও পরে তাঁকে ছেড়ে চলে যান। অন্য দিকে, জগন্নাথের নামে বেশ কিছু সম্পত্তি রয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাতেও তিনি ভুগছিলেন। ফলে সম্পত্তির দখল নেওয়ার জন্যই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় দোকানদারদের দাবি, প্রায় এক সপ্তাহ ধরে ফুটপাতের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যাচ্ছিল। কেউ খাবার দিলে খেতেন। না হলে সেখানেই শুয়ে থাকতেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে তিনি হাসপাতালে পৌঁছেছেন।

বৃদ্ধ বাবাকে কী কারণে এ ভাবে রাস্তায় ফেলে দেওয়া হল, তার উত্তর খুঁজছে পুলিশ। দেবাশিস জানার সন্ধানে তল্লাশি চলছে। একই সঙ্গে গোটা ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা-ও তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।


Share