Nabanna

রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, নবান্নের নতুন নির্দেশে শুরু বিদ্যুৎ সংস্কার

এই লক্ষ্যে সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি, কলকাতা পুলিশের কমিশনার, ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৪:১৮

রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে বাধ্যতামূলকভাবে ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বিষয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যাঁদের বেতন, পারিশ্রমিক বা সাম্মানিক সরাসরি রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়, তাঁরা সকলেই এই প্রকল্পের আওতায় থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন, আন্ডারটেকিং এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে পর্যায়ক্রমে স্মার্ট মিটার বসানো হবে। এই লক্ষ্যে সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি, কলকাতা পুলিশের কমিশনার, ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রাথমিক পর্যায়ে তাদের ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে ১০৩টিকে এই প্রকল্পের জন্য চিহ্নিত করেছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ বণ্টনে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় প্রথম ধাপে সেখানে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। পরে ধাপে ধাপে বাকি এলাকাগুলিকেও এই প্রকল্পের আওতায় আনা হবে।

সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে স্মার্ট মিটারগুলি পোস্ট-পেড ব্যবস্থাতেই চলবে এবং বর্তমান বিলিং পদ্ধতিতে কোনও পরিবর্তন হবে না। তবে গ্রাহক চাইলে পরে স্বেচ্ছায় প্রি-পেড মিটার ব্যবস্থাও বেছে নিতে পারবেন।

অন্য দিকে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে রাজ্যের সমস্ত সরকারি দফতরে রুফটপ সোলার প্যানেল বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারের মতে, এর ফলে যেমন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে, তেমনই সরকারি অফিসগুলির বিদ্যুৎ খরচও কমবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সরকারি ভবনের ছাদ ও খোলা জায়গা ব্যবহার করে পাঁচ থেকে ১৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।


Share