SIR Tribunal

এসআইআর ট্রাইবুনালের বিচারপতিদের সম্মানিক বাড়াল কমিশন, প্রাক্তন প্রধান বিচারপতি পাবেন মাসে ২.৬০ লক্ষ টাকা

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য প্রাক্তন বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে সম্মানিক পাবেন। আগামী ২০ নভেম্বর থেকে এই বর্ধিত সম্মানিক কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৪৫

এসআইআর সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনালে নিযুক্ত হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাসিক সম্মানিক বাড়াল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য প্রাক্তন বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে সম্মানিক পাবেন। আগামী ২০ নভেম্বর থেকে এই বর্ধিত সম্মানিক কার্যকর হবে বলে কমিশন জানিয়েছে।

এ দিকে, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বিচারপতিদের সম্মানিক-সহ অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইবুনাল তৈরি করা হয়।

তবে পরবর্তী সময়ে পরিকাঠামোগত সমস্যা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও বিশ্বজিৎ বসু-সহ কয়েকজন। অন্য দিকে, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের পাশাপাশি ট্রাইবুনালে জমে থাকা আবেদনের সংখ্যা নিয়েও প্রশ্ন উঠছে। দ্রুত মামলার নিষ্পত্তির জন্য বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবিও উঠেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালকে। বাদ পড়া বহু ভোটার নিজেদের বৈধ ভোটার দাবি করে সেখানে আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে কিছু আবেদনের নিষ্পত্তি হলেও অধিকাংশ মামলাই এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে বিচারপতিদের সম্মানিক বৃদ্ধি এবং প্রাপ্য অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Share