Samik Bhattacharya

সিঙ্গুরেই হোক ‘কেমিক্যাল পার্ক’! কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে এক হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি শমীকের

কোন কোন রাজ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে, তা প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করবে কেন্দ্র। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও একটি রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন শমীক।

শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০৪:৩৪

রাজ্যে ‘কেমিক্যাল পার্ক’ (রাসায়নিক শিল্পকেন্দ্র) গড়ে তোলার প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর প্রস্তাব, সিঙ্গুরে এই শিল্পকেন্দ্র স্থাপন করা হোক। পাশাপাশি হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুরকেও সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তে তিনটি নতুন রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ (ভব্য রসায়ন) প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই শিল্পকেন্দ্রগুলি তৈরি করা হবে। কোন কোন রাজ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে, তা প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করবে কেন্দ্র। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও একটি রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন শমীক।

এই প্রকল্পে অংশ নিতে হলে একাধিক শর্ত পূরণ করতে হবে। আবেদনকারী রাজ্যের কাছে একসঙ্গে কমপক্ষে দু'হাজার একর আইনি জটিলতামুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারকে ন্যূনতম ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে হবে। কেন্দ্রীয় সরকারও ওই রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তুলতে এক হাজার কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবে।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উল্লেখ করেছেন, জাতীয় স্তরের রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে এটি পশ্চিমবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পে অন্তত এক ৫০০ কোটি টাকার সরকারি বিনিয়োগ হবে। পাশাপাশি, শিল্পকেন্দ্রটি গড়ে উঠলে বিপুল পরিমাণ বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গে ভারী শিল্পের অভাব নিয়ে বারবার সমালোচনা হয়েছে। সরকার পরিবর্তনের পর রাজ্যকে শিল্পবান্ধব হিসেবে তুলে ধরতে একাধিক পদক্ষেপ করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই জমিনীতি সংশোধন করা হয়েছে এবং নতুন শিল্পনীতি প্রণয়নের কাজও এগোচ্ছে।

এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে একটি রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। চিঠিতে তিনি সম্ভাব্য শিল্পাঞ্চল হিসেবেও কয়েকটি এলাকার নাম উল্লেখ করেছেন। তার মধ্যে সবার আগে রয়েছে সিঙ্গুর। শমীকের বক্তব্য, টাটা গোষ্ঠী সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেওয়ার পর থেকেই রাজ্যে ভারী শিল্পের গতি অনেকটাই থমকে যায়। তাই নতুন করে সিঙ্গুরকে শিল্পের মানচিত্রে ফিরিয়ে আনতে চান তিনি। অতীতেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শমীক জানিয়েছেন, সুযোগ পেলে টাটা গোষ্ঠীকে ফের সিঙ্গুরে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাতে চান তিনি।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, টাটা গোষ্ঠী যদি ফের সিঙ্গুরে বিনিয়োগ করে, তবে প্রায় দুই দশক আগে ন্যানো প্রকল্প রাজ্য ছেড়ে যাওয়ার ফলে শিল্পমহলে যে নেতিবাচক বার্তা গিয়েছিল, তা অনেকটাই বদলে দেওয়া সম্ভব হবে। তাঁর কথায়, টাটাদের সিঙ্গুরে প্রত্যাবর্তন পশ্চিমবঙ্গকে একটি বিনিয়োগবান্ধব রাজ্য হিসেবে দেশ-বিদেশের শিল্পমহলের কাছে নতুন করে তুলে ধরবে।

এ বার সিঙ্গুরে রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়ে সেই অবস্থানই আরও স্পষ্ট করলেন শমীক। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন বিনিয়োগের পথ খুলবে এবং পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এই শিল্পকেন্দ্র গড়ে উঠলে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।


Share