Arms Seized

কলকাতার বাড়িতে গোপনে অস্ত্র কারখানা! এসটিএফের অভিযানে উদ্ধার বন্দুক, পিস্তল ও কার্তুজ

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালাল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বন্দুক-পিস্তল তৈরির সরঞ্জাম।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪১

কলকাতার ঘরের মধ্যেই গড়ে উঠেছিল অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালাল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযানে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বন্দুক-পিস্তল তৈরির সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এসটিএফের অভিযানের আগেই বাড়ির মালিক পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালায় এসটিএফ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাতেই সামনে আসে অবৈধ অস্ত্র তৈরির কারবার। অভিযোগ, ওই বাড়িতেই অস্ত্র তৈরির কারখানা চালাতেন বাড়ির মালিক। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। তল্লাশিতে দু’টি ৭ এমএম বন্দুক এবং দু’টি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। পাশাপাশি মিলেছে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এই অস্ত্র কারখানা কত দিন ধরে চলছিল, কোথা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহ করা হত এবং কাদের কাছে তৈরি অস্ত্র সরবরাহ করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই কারবারের পিছনে আরও কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে জেরা করা গেলে অস্ত্র তৈরির উৎস, সম্ভাব্য ক্রেতা এবং গোটা চক্রের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।


Share