Train Update

কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফিরতে আর চিন্তা নেই! শিয়ালদহ ডিভিশনে চলবে ৬ জোড়া বিশেষ লোকাল, কোন শাখায় কখন ট্রেন?

রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে রাত ১১টায় ছাড়বে ডানকুনিগামী বিশেষ লোকাল। বারাসতের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। এ ছাড়াও, বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে বনগাঁ এবং রাত ১টা ১০ মিনিটে হাসনাবাদগামী বিশেষ ট্রেন চলবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৮:৫৭

কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে যাতে সমস্যায় পড়তে না হয়, সে কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের সুবিধার্থে ৮, ৯ ও ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে ছ’জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও ব্যারাকপুর শাখায় মিলবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে রাত ১১টায় ছাড়বে ডানকুনিগামী বিশেষ লোকাল। বারাসতের উদ্দেশে ট্রেন ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। এ ছাড়াও, বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে বনগাঁ এবং রাত ১টা ১০ মিনিটে হাসনাবাদগামী বিশেষ ট্রেন চলবে। শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে রানাঘাটগামী লোকাল। অন্য দিকে, ব্যারাকপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে একটি বিশেষ ট্রেন।

শুধু যাওয়ার পথেই নয়, বাড়ি ফেরার ক্ষেত্রেও থাকছে অতিরিক্ত লোকালের ব্যবস্থা। ডানকুনি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে, বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে, বনগাঁ থেকে রাত ১১টায়, হাসনাবাদ থেকে রাত ১১টা ৩০ মিনিটে এবং রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে শিয়ালদহগামী বিশেষ ট্রেন ছাড়বে। পাশাপাশি শিয়ালদহ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেবে আরও একটি লোকাল। বিশেষ ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে।

কালীপুজোর রাতে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিও রাখছে রেল। শিয়ালদহ উত্তর, রানাঘাট ও বারাসতে চালকদল-সহ একটি করে ট্রেনের রেক প্রস্তুত রাখা হবে। প্রয়োজন বুঝে সেই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হতে পারে। এদিকে, নৈহাটি স্টেশনে ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে পাঁচ ও ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চালানো হবে।

অন্য দিকে, ৮ নভেম্বর রবিবার শিয়ালদহ ডিভিশনে সমস্ত শহরতলির ট্রেন কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে। ওই দিন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি এসি লোকাল ৩১৮৪৫/৩১৮৪৬-এর পরিবর্তে ৩১৮৪৭/৩১৮৪৮ নম্বর ট্রেন চালানো হবে। ফলে কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরোনো যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত পরিষেবাতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখছে রেল।


Share