Railway Update

পুজোর পাঁচ দিনে শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যায় রেকর্ড বৃদ্ধি! ট্রেনে যাতায়াত ২ কোটি ৬৩ লক্ষেরও বেশি মানুষের, গত বছরের তুলনায় ভিড় বাড়ল ৩৩.৪৪ শতাংশ

গত বছরের তুলনায় এ বার যাত্রীসংখ্যা বেড়েছে ৩৩.৪৪ শতাংশ। উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পাঁচ দিনে মোট ২৬৬টি বিশেষ ট্রেন চালিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১১:১৬

দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে ট্রেনে যাতায়াত করেছেন ২ কোটি ৬৩ লক্ষেরও বেশি যাত্রী। গত বছরের তুলনায় এ বার যাত্রীসংখ্যা বেড়েছে ৩৩.৪৪ শতাংশ। উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পাঁচ দিনে মোট ২৬৬টি বিশেষ ট্রেন চালিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

রেল সূত্রে খবর, গত বছরের তুলনায় এ বার পুজোর উৎসবকাল এক দিন বেশি ছিল। সপ্তমী অন্তর্ভুক্ত হওয়ায় সামগ্রিক যাত্রীসংখ্যা বৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট এবং কল্যাণী স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে কল্যাণী স্টেশনে যাত্রীসংখ্যা বেড়েছে প্রায় ১৪.০১ শতাংশ।

উৎসবের দিনগুলিতে বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে একাধিক পদক্ষেপ করেছিল রেল কর্তৃপক্ষ। স্টেশনগুলিতে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় দিকনির্দেশ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছিল রেলকর্মী ও স্বেচ্ছাসেবকদের। পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং মেগাফোনের মাধ্যমে নিয়মিত ঘোষণা করে যাত্রীদের সতর্ক ও সচেতন করা হয়।

পাশাপাশি, ডিভিশনাল ওয়ার রুম থেকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবা স্বাভাবিক রাখতে কমার্শিয়াল, অপারেটিং, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), মেডিক্যাল-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা সমন্বয়ের মাধ্যমে কাজ করেন।

শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে সুবিধা হয়েছে। এই সাফল্যের পিছনে বিভিন্ন বিভাগের রেলকর্মীদের পারস্পরিক সমন্বয়ের পাশাপাশি যাত্রীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান তিনি।


Share