Shoot Out

বাজির শব্দের আড়ালে চলল পরপর তিন রাউন্ড গুলি! কালীপুজোর রাতে সরশুনায় আতঙ্ক, আটক একাধিক যুবক

বন্ধুদের সঙ্গে মদের আসরে বসে মত্ত অবস্থায় এক যুবক শূন্যে গুলি চালান বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত-সহ একাধিক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৩:৫৫

কালীপুজো মানেই বাজি ফাটানোর ধুম। রাতে দিকে দিকে বাজির শব্দ। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা শব্দবাজির দাপট নিয়ে অভিযোগ তুলেছেন । কিন্তু আনন্দে বাজি ফাটানোর মাঝে গুলির শব্দ! বেহালার সরশুনায় গভীর রাতে পরপর তিন রাউন্ড গুলি চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার ভোররাতের এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়।

সরশুনার রক্ষিতপাড়ায় কয়েকজন বন্ধু মিলে কালীপুজোর আসরে মেতেছিলেন। এলাকার একটি জায়গায় তাঁদের মধ্যে মদের আসরও বসেছিল। চলছিল আড্ডা ও হইহুল্লোড়। অভিযোগ, সেই সময় বন্ধুদের মধ্যেই এক যুবক আচমকা আগ্নেয়াস্ত্র বের করে পরপর তিন রাউন্ড গুলি চালান। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ রক্ষিতপাড়ার বাসিন্দা রাজ পাল (২৩) এবং দীনেশ শর্মা (৪০)-এর মধ্যে বচসা বাধে। একই এলাকায় দুটি পৃথক কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বিবাদের সূত্রপাত। অভিযোগ, সেই বচসার মধ্যেই রাজ আচমকা আগ্নেয়াস্ত্র বের করেন। আতঙ্ক ছড়াতে শূন্যে পরপর দু’রাউন্ড তিনি গুলি চালান। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। বাজির শব্দের মধ্যে গুলির আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ওই যুবককে আটক করা হয়। সাথে তার সাথে উপস্থিত অন্য যুবকদেরও পুলিশ আটক করে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত রাজ পালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টাও চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আইনি পদক্ষেপের জন্য লিখিত অভিযোগ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্তকারীদের দাবি, প্রথমে গুলি চালানোর বিষয়টি আটক যুবকেরা অস্বীকার করেছিলেন। পরে জেরার মুখে অভিযুক্ত যুবক দাবি করেন, বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাসের মধ্যেই মত্ত অবস্থায় তিনি শূন্যে গুলি ছুড়েছিলেন। তবে তাঁর এই বক্তব্য কতটা সত্যি, তা পুলিশ খতিয়ে দেখছে। সবচেয়ে বড় প্রশ্ন, ওই যুবকের হাতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? বন্দুকটি কি তাঁর নিজের, নাকি অন্য কারও কাছ থেকে পেয়েছিলেন? সেটির বৈধ লাইসেন্স রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুধু ভয় দেখাতেই গুলি চালানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। কোনও অপরাধের পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কালীপুজোর রাতে খাস কলকাতায় এভাবে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বাবা ও ছেলেকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগে শিরোনামে এসেছিল সরশুনা। সেই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক চর্চা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের একই এলাকায় শুটআউটের অভিযোগ। পরপর এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


Share