Clash

কালীপুজোর প্যান্ডেল ঘিরে বিবাদ, সল্টলেকে মা ও মেয়েকে মারধরের অভিযোগ প্রতিবেশী চিকিৎসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে

অভিযোগ, ছাদের উপর কালীপুজোর প্যান্ডেল তৈরি করা এবং অন্য গোষ্ঠীর বাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আক্রান্ত প্রতিবেশী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০১:৫৯

কালীপুজোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বচসা। সেই বচসা গড়াল হাতাহাতিতে। সল্টলেকের সিডি ২৪ ব্লকের একটি আবাসনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ছাদের ওপর কালীপুজোর প্যান্ডেল তৈরি করা এবং বাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কালীপুজোর আয়োজন করা পরিবারের সদস্যরা অপর গোষ্ঠীর এক মহিলা ও তাঁর মেয়েকে মারধর করেন।

অভিযোগকারীর পরিবারের দাবি, প্রতিবেশী চিকিৎসক প্রসেনজিৎ সরকার এবং তাঁর স্ত্রী মনোমিতা সরকার তাঁদের প্রতিবেশী— নুপুর সাহা ও তাঁর মেয়ে দেবপ্রিয়া সাহাকে বেধড়ক মারধর করেন। এই ঘটনায় নুপুরের চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। ভেঙে যায় তাঁর চশমাও। শুধু তাই নয়, তাঁদের বাড়ির সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় নুপুরের স্বামী নিতেশ সাহা এবং তাঁর বড় মেয়ে বাড়িতে ছিলেন না বলেই দাবি করেছেন।

পরে বাড়ি ফিরে আহত স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে তড়িঘড়ি সল্টলেকের সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান নিতেশ। চিকিৎসার পর তিনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকেই থানায় ডাকা হয় বলে জানা গিয়েছে।

নিতেশ সাহার অভিযোগ, পুলিশ দুই পক্ষের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে তাতে রাজি নন তিনি। তাঁর দাবি, যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তাঁদের গ্রেফতার করতে হবে। অন্যথায় তিনি উপরমহলে বিষয়টি নিয়ে উত্থাপন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কালীপুজোর আনন্দের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সল্টলেকের ওই আবাসনে উত্তেজনা ছড়িয়েছে।


Share