Calcutta High Court

আরজি কর কাণ্ডে প্রমাণ নষ্টের তদন্তে সিবিআইয়ের রিপোর্টে অসন্তুষ্ট হাই কোর্ট, ১১ ডিসেম্বরের মধ্যে নতুন রিপোর্ট তলব

সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রমাণ লোপাটের ঘটনা নিয়ে তদন্তের তথ্য অসম্পূর্ণ বলে মনে করছে আদালত।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৪:৪৮

আরজি কর কাণ্ডে ফের নতুন মোড়। প্রমাণ ও নথি নষ্টের অভিযোগের তদন্তে সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রমাণ লোপাটের ঘটনা নিয়ে তদন্তের তথ্য অসম্পূর্ণ বলে মনে করছে আদালত। তাই এ বিষয়ে সিবিআইয়ের কাছে আরও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে প্রমাণ ও নথি নষ্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই কী কী পদক্ষেপ করেছে, তা আদালত জানতে চায়। অন্য দিকে, বিচারপতি শম্পা সরকার জানান, শুধু নির্যাতিতার মা-বাবার অভিযোগ নয়, প্রমাণ নষ্টের বিষয়টিও আদালত বিস্তারিতভাবে খতিয়ে দেখতে চায়।

সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে তদন্তের পর্যাপ্ত তথ্য না থাকায় ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে। প্রমাণ লোপাটের অভিযোগে কী তদন্ত হয়েছে, কী তথ্য পাওয়া গিয়েছে এবং কী পদক্ষেপ করা হয়েছে, তা বিস্তারিতভাবে রিপোর্টে উল্লেখ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় জানান, আগামী ১১ ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তাঁদের বক্তব্য, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে ওঠা সমস্ত অভিযোগই সিবিআইকে তদন্তের আওতায় এনে খতিয়ে দেখতে বলেছে আদালত।


Share