RG Kar Case

আরজি করের দেহ দ্রুত সৎকার মামলায় নির্মল ঘোষ-সহ তিন অভিযুক্তের জামিন বাতিলের আর্জি খারিজ আদালতে

শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির ছিলেন পানিহাটির প্রাক্তন ও বর্তমান বিধায়ক। অন্য দিকে, সোমনাথ দে-কে ভার্চুয়ালি হাজির করানো হয়। প্রসঙ্গত, খড়দহ থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

শিয়ালদহ আদালত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ০৩:৪৭

আরজি করের চিকিৎসক-ধর্ষণ ও খুনের ঘটনায় দেহ দ্রুত সৎকারের অভিযোগে অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

শুক্রবার শিয়ালদহ আদালতে হাজির ছিলেন পানিহাটির প্রাক্তন ও বর্তমান বিধায়ক। অন্য দিকে, সোমনাথ দে-কে ভার্চুয়ালি হাজির করানো হয়। প্রসঙ্গত, খড়দহ থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে নির্মল ও সঞ্জীব বর্তমানে জামিনে রয়েছেন।

নির্যাতিতার মা তথা পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ, তাঁরা দেহের দ্বিতীয় দফার ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন। কিন্তু তার আগেই তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। পরিবারের আইনজীবীদের দাবি, ষড়যন্ত্র করে দেহ দ্রুত দাহ করার উদ্যোগ নিয়েছিলেন অভিযুক্তেরা। এই ঘটনায় প্রত্যেকের ভূমিকা স্পষ্ট বলেও দাবি তাঁদের। আইনজীবীদের বক্তব্য, একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা কোনও সাধারণ অপরাধ নয়। প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রয়োজনে তাঁদের সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবিও জানান তাঁরা। তাঁদের আরও বক্তব্য, দেহ দ্রুত সৎকার সংক্রান্ত তদন্তে পুলিশি হেফাজতের নির্দিষ্ট মেয়াদ এখনও শেষ হয়নি।

অন্য দিকে, তদন্তকারী আধিকারিক এবং সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তও চলছে। তবে এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি, যার ভিত্তিতে অভিযুক্তদের এই ঘটনায় সরাসরি জড়িত বলে চিহ্নিত করা যায়। নির্মল ঘোষের আইনজীবীরও দাবি, তদন্তকারী সংস্থা একাধিক বার তলব করলেও তাঁর মক্কেলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তদের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় আদালত।


Share