West Bengal Budget 2026

বাজেটে বড় উপহার বিজেপি সরকারের, সিভিক-গ্রিন পুলিশ, হোমগার্ড ও এনভিএফ কর্মীদের পারিশ্রমিক বাড়ল দু'হাজার টাকা

বাজেটে সিভিল ডিফেন্স কর্মীদের জন্যও বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, তাঁদের জন্য প্রতি মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৩:৩৫

রাজ্যের সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের জন্য বড় ঘোষণা করল নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী অগস্ট মাস থেকে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের মাসিক পারিশ্রমিক দু'হাজার টাকা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের পারিশ্রমিকও মাসে দু'হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাজেটে সিভিল ডিফেন্স কর্মীদের জন্যও বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, তাঁদের জন্য প্রতি মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হবে।

শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্যারা-টিচারদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের মাসিক পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

পরিবহণ ক্ষেত্রেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাড়ানো হয়েছে ভাতা। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে নিযুক্ত কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ১৬ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে গত অর্থবর্ষে চুক্তিভিত্তিক ড্রাইভারদের পারিশ্রমিকও বৃদ্ধি করা হয়েছিল।

এদিকে গ্রামীণ পশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু, প্রাণী মিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং এআই কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবেও মাসিক পারিশ্রমিক দু'হাজার টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সরকারের দাবি, গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


Share