Traffic Update

পুজোর আগেই কলকাতায় বড় যান নিয়ন্ত্রণ! ৬ অক্টোবর রাত থেকে বন্ধ রেড রোড, ঘুরপথে চলবে গাড়ি, জারি নির্দেশিকা

পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, পুজোর মণ্ডপ ও পরিকাঠামো তৈরি, সরঞ্জাম পরিবহণ-সহ বিভিন্ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী রেড রোডের দু’দিকেই যান চলাচল বন্ধ রাখা হতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১০:১৬

দুর্গাপুজোর অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রস্তুতির জেরে কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা নির্দেশিকা অনুযায়ী, পুজোর মণ্ডপ ও পরিকাঠামো তৈরি, সরঞ্জাম পরিবহণ-সহ বিভিন্ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী রেড রোডের দু’দিকেই যান চলাচল বন্ধ রাখা হতে পারে।

নির্দেশিকা অনুযায়ী, ৬ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত অথবা প্রয়োজন অনুসারে ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। পরিস্থিতি বুঝে নির্দিষ্ট সময়ের জন্য রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেবেন কর্তব্যরত ট্রাফিক আধিকারিকেরা। পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে পুলিশ।

রেড রোড বন্ধ থাকলে উত্তর দিক থেকে খিদিরপুর রোড দিয়ে আসা যানবাহনকে প্রয়োজন অনুযায়ী ডাফরিন রোড ও আউটরাম রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। আরআর অ্যাভিনিউ এবং সরকারি সড়ক দিয়ে আসা যানবাহনের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী ডাইভারশন দেওয়া হবে। পূর্ব দিক থেকে দক্ষিণমুখী যানবাহনকে ময়ো রোড ও ডাফরিন রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

এ ছাড়াও, জনস্বার্থে প্রয়োজন মনে হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যে কোনও প্রধান সড়ক বা সংযোগকারী রাস্তা থেকে যানবাহন ঘুরিয়ে দিতে পারবেন। নির্ধারিত সময়ের বাইরেও কলকাতায় চালু থাকা অন্যান্য যান নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর থাকবে। ফলে পুজোর দিনগুলিতে রেড রোড ও সংলগ্ন এলাকায় যাতায়াতের আগে যাত্রী ও গাড়িচালকদের বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।


Share