Ration Card

ছ’মাস রেশন না নিলেই নিষ্ক্রিয় হতে পারে কার্ড! ১ অক্টোবর থেকে ১.৫৮ কোটি ‘সাইলেন্ট’ রেশন কার্ডে কোপ

আগামী ১ অক্টোবর থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। টানা ছ’মাস বা তার বেশি সময় ধরে রেশন না নেওয়া উপভোক্তাদের এই তালিকায় রাখা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২

দীর্ঘদিন রেশন দোকান থেকে কোনও পণ্য নেননি? তা হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে ব্যবহার না হওয়া প্রায় ১.৫৮ কোটি রেশন কার্ডকে ‘সাইলেন্ট’ বা নিষ্ক্রিয় কার্ড হিসেবে চিহ্নিত করে ডিঅ্যাক্টিভেট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। টানা ছ’মাস বা তার বেশি সময় ধরে রেশন না নেওয়া উপভোক্তাদের এই তালিকায় রাখা হবে।

কেন্দ্রের লক্ষ্য, প্রকৃত প্রয়োজন রয়েছে এমন উপভোক্তাদেরই রেশন ব্যবস্থার আওতায় রাখা এবং মৃত, স্থানান্তরিত বা ভুয়ো উপভোক্তাদের বাদ দেওয়া। জানা যাচ্ছে, রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও তা পুনরায় সক্রিয় করার সুযোগ থাকছে। ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ই-কেওয়াইসির মাধ্যমে কার্ড সক্রিয় করা যাবে বলে সূত্রের খবর।

এই প্রক্রিয়ায় রেশন কার্ডের তথ্যের সঙ্গে আধার এবং ভোটার কার্ডের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএসের তথ্যও যাচাই করা হবে। যাচাইয়ের পর ভুয়ো, অযোগ্য এবং দীর্ঘদিন ব্যবহার না হওয়া কার্ডগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি পরিষেবার সুবিধা পাওয়ার জন্য অনেকে রেশন কার্ড তৈরি করলেও নিয়মিত পিডিএসের মাধ্যমে রেশন নেন না। এই ধরনের কার্ডধারীদের চিহ্নিত করা এবং প্রকৃত উপভোক্তাদের জন্য রেশন ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা যাচ্ছে।


Share