Election

দুর্গাষষ্ঠীতেই রাজ্যসভা ভোট! কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে ১৬ অক্টোবর নির্বাচন, পুজোর মধ্যেই নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা

দুর্গাপুজোর মধ্যেই হবে সেই ভোট। নির্বাচন কমিশন তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করল।

তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৩

দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতে না হতেই রাজ্যে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। দুর্গাপুজোর মধ্যেই হবে সেই ভোট। নির্বাচন কমিশন তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা করল। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন ওই আসনে নির্বাচন হবে।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল বিপর্যয়ের পর দলের সাংসদরা রাজ্যসভার সাংসদ পদ থেকে একের পর এক ইস্তফা দিতে শুরু করেন। গত ১৬ জুলাই কোয়েল রাজ্যসভা থেকে ইস্তফা দেন। তাঁর আগে সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। পরে ওই তিন জনকেই বিজেপি ফের রাজ্যসভায় পাঠায়। সেই সূত্রেই কোয়েলকেও কি ফের রাজ্যসভায় পাঠানো হবে, তা নিয়ে জল্পনা শুরু হয় তাঁর ইস্তফার সময় থেকেই। এ বার কমিশন তাঁর ছেড়ে যাওয়া আসনে অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করল। ফলে দুর্গাপুজোর আবহেই রাজ্যসভা নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা।

গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নাম ঘোষণা করেছিল। তাঁর সঙ্গে প্রার্থী করা হয়েছিল রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। মার্চে রাজ্যসভা নির্বাচন হয়। তার পর থেকেই কোয়েল সাংসদ ছিলেন। তবে সাংসদ হওয়ার পর এক বারও সংসদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়নি তাঁকে।

চলতি বছরের বাদল অধিবেশনই হতে পারত কোয়েলের প্রথম সংসদীয় অধিবেশন। কিন্তু তার আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন কোয়েল। সেখানেই তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেন অভিনেত্রী-সাংসদ। ইস্তফার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে। কারণ, এর আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা একাধিক সাংসদকে ভূপেন্দ্রের দিল্লির বাসভবনে বৈঠক করতে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে ওই সাংসদেরা ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দেন। বর্তমানে দলটি কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক।

মঙ্গলবার কমিশন জানিয়েছে, কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর অন্তর্বর্তী নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। কোয়েলের আসনে অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি একই দিনে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে।


Share