Rajarhat Blast

রাজারহাট বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার, মহম্মদ শামিমকে পাকড়াও করল পুলিশ, রবিবার হাজির করানো হবে আদালতে

বাড়ির সামনে থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শামিমকে নারায়ণপুর থানায় নিয়ে আসা হচ্ছে। রবিবার অভিযুক্তকে বারাসত আদালতে হাজির করানো হবে।

রাজারহাটের ঘটনায় গ্রেফতার এক।
নিজস্ব সংবাদদাতা, রাজারহাট
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৭:০২

সকাল থেকে তল্লাশি চালানোর পরে মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শামিমে কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানেই শামিমের বাড়ি। আগামীকাল, রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তার পর থেকেই মূল অভিযুক্ত মহম্মদ শামিম পলাতক ছিল। জানা গিয়েছে, শামিম গতকাল নিজের ফোন বাড়িতে রেখেই সুপারিবাগানের বাড়িতে যায়। পুলিশ তার ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে। সেটির অবস্থান পাওয়া যায় কামারহাটিতে। সেই সূত্র ধরেই বিধাননগর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বাড়ির সামনে থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শামিমকে নারায়ণপুর থানায় নিয়ে আসা হচ্ছে। রবিবার অভিযুক্তকে বারাসত আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে বোমাগুলি পাওয়া গিয়েছে তা পুরোনো। তদন্তকারীদের অনুমান, বোমাগুলি অনেক দিন আগেই তৈরি করা হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই এই সেই বিষয়টি নিয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে পারবেন। বোমাগুলি হস্তান্তর করার পরিকল্পনা করার দিকটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

সূত্রের খবর, বাড়ির মালিক জুলফিকর আনসারির সঙ্গে শাহেজাদার রাস্তায় দেখা হয়েছিল। শাহেজাদা মূলত দালাল বলে দাবি করা হয়েছে। শেহজাদা শামিমকে নিজের আত্মীয় বলে পরিচয় দিয়েছিল। তবে এই মামলাটি এনআইএ নেবে কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট হয়নি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, বাড়ির মালিকের নাম জুলফিকার আনসারি। মহম্মদ শামিম নামে এক ব্যক্তিকে ভাড়া দেয় সে। শামিম কামারহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। দু’দিন আগেই শামিম ভাড়া নিয়ে ওই বাড়িতে থাকছিল। শাহেনশাহ নামে এক দালালের মাধ্যমে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ হয়।


Share