Railway Update

পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেন, ৩৮টি নাইট স্পেশালের সঙ্গে ১৩টি ইভনিং স্পেশাল চালাবে রেল

শুধু তাই নয়, এই সময়ে বিকেল ২টোর পর থেকে লোকাল ট্রেন থামবে সব স্টেশনেই। এর ফলে সাধারণত যেখানে লোকাল ট্রেনের স্টপেজ নেই, সেই হল্ট ও ফ্ল্যাগ স্টেশনগুলিতেও যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১০:১৬

দুর্গাপুজোর ভিড়ে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে একগুচ্ছ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে ৩৮টি নাইট স্পেশাল ট্রেন। পাশাপাশি, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিষেবা দেবে ১৩টি ইভনিং স্পেশাল। শুধু তাই নয়, এই সময়ে বিকেল ২টোর পর থেকে লোকাল ট্রেন থামবে সব স্টেশনেই। এর ফলে সাধারণত যেখানে লোকাল ট্রেনের স্টপেজ নেই, সেই হল্ট ও ফ্ল্যাগ স্টেশনগুলিতেও যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, ১৩টি ইভনিং স্পেশালের মধ্যে ১০টি চলবে উত্তর ও মেন শাখায়। বাকি তিনটি চলবে দক্ষিণ শাখায়। অন্যদিকে, ৩৮টি নাইট স্পেশালের মধ্যে উত্তর ও মেন শাখায় ২২টি এবং দক্ষিণ শাখায় ১৬টি ট্রেন চালানো হবে। পুজোর দিনগুলিতে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং রাতের যাতায়াতের সুবিধা বাড়াতেই এই উদ্যোগ।

লোকাল ট্রেনের স্টপেজ নিয়েও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ১৭ থেকে ২১ অক্টোবর বিকেল ২টোর পর থেকে সব স্টেশনেই থামবে লোকাল ট্রেন। এর ফলে হল্ট ও ফ্ল্যাগ স্টেশনের যাত্রীরাও সহজে গন্তব্যে পৌঁছোতে পারবেন। পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখা—সব ক্ষেত্রেই এই পরিষেবা বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

এসি লোকালের ক্ষেত্রেও থাকছে বিশেষ ছাড়। ১৮ অক্টোবর, রবিবার-সহ ছুটির দিনগুলিতেও কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে এসি লোকাল ট্রেন। ফলে ছুটির দিনেও যাত্রীরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।

এ দিকে, লালগোলা শাখার যাত্রীদের জন্যও রয়েছে সুখবর। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চালানোর পরিকল্পনা ছিল চারটি প্রাক্‌-পুজো স্পেশাল ট্রেনের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সেই পরিষেবার মেয়াদ বাড়িয়ে ১৯ অক্টোবর পর্যন্ত করা হচ্ছে। পুজোর মরসুমে বাড়তি যাত্রীচাপ সামাল দেওয়া এবং যাতায়াত আরও স্বচ্ছন্দ করতেই রেলের এই উদ্যোগ।


Share