Railway Update

রেলের উন্নয়নমূলক কাজ, অক্টোবরে বাতিল একাধিক ট্রেন! ঘুরপথে চলবে রাজধানী-উৎকল

বন্ডামুন্ডা এ কেবিন থেকে রাউরকেলা পর্যন্ত পঞ্চম লাইন চালুর কাজ চলবে। সেই কাজের জেরে আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিভিন্ন দিনে একাধিক ট্রেন বাতিল থাকবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭

রেললাইনে উন্নয়নমূলক কাজের জেরে অক্টোবরে একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হতে চলেছে। বেশ কিছু ট্রেন নির্দিষ্ট দিনে বাতিল করা হবে। আবার কয়েকটি দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হবে। চক্রধরপুর ডিভিশনের বন্ডামুন্ডা ডি কেবিনে নন-ইন্টারলকিং কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।

বন্ডামুন্ডা এ কেবিন থেকে রাউরকেলা পর্যন্ত পঞ্চম লাইন চালুর কাজ চলবে। সেই কাজের জেরে আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিভিন্ন দিনে একাধিক ট্রেন বাতিল থাকবে।

বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে চক্রধরপুর–রাউরকেলা মেমু, রাউরকেলা–টাটানগর মেমু, হাতিয়া–রাউরকেলা প্যাসেঞ্জার, রাউরকেলা–হাতিয়া প্যাসেঞ্জার এবং বারসুয়ান–বিরমিত্রপুর প্যাসেঞ্জার। এর পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেনও নির্দিষ্ট দিনে বাতিল করা হবে। রেল সূত্রে জানা গিয়েছে, টাটানগর–বিলাসপুর, হাওড়া–কাঁতাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া–জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস, শালিমার–বাদামপাহাড়, বিলাসপুর–বক্সার, রাউরকেলা–জয়নগর, হাতিয়া–মুম্বই, হাতিয়া–দুর্গ এবং হাওড়া–মুম্বই দুরন্ত এক্সপ্রেস-সহ আরও কয়েকটি ট্রেনও নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

শুধু বাতিল নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের রুটেও পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ ও ১১ অক্টোবর নয়াদিল্লি–ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস নির্ধারিত রুটের পরিবর্তে গোমোহ, আদ্রা, মেদিনীপুর, হিজলি, ভদ্রক এবং কটক হয়ে চলবে। অন্য দিকে, ১২ অক্টোবর পুরী–যোগনগরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেসও বদলানো রুটে চলবে। ওই দিন ট্রেনটি কটক, সম্বলপুর সিটি, ঝাড়সুগুড়া রোড এবং ইব হয়ে গন্তব্যের দিকে যাবে।

রেলের এই সিদ্ধান্তের জেরে অক্টোবরের ওই সময়কালে যাত্রীদের যাত্রা পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের নির্ধারিত তারিখে পরিষেবা রয়েছে কি না এবং ট্রেনটি কোন রুটে চলবে, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


Share