Purnima Chakraborty

সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পূর্ণিমা চক্রবর্তীর অফিসে হামলার অভিযোগ, ছেঁড়া ব্যানার-পোস্টার

বিজেপির লোগো ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কাটআউটের মুখের অংশও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অফিসেও হামলা চালানো হয়েছে বলে দাবি বিজেপির।

পূর্ণিমা চক্রবর্তীর অফিসে ছিঁড়ে ফেলা হল ব্যানার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০২

মঙ্গলবার গভীর রাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর অফিসে হামলার অভিযোগ উঠল। বুধবার সকালে বিজেপি কর্মীরা অফিসে এসে দেখেন, পার্টি অফিসের সামনে লাগানো ব্যানার-পোস্টার ছেঁড়া হয়েছে। বিজেপির লোগো ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কাটআউটের মুখের অংশও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অফিসেও হামলা চালানো হয়েছে বলে দাবি বিজেপির।

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে থেকে ৩টের মধ্যে হামলার ঘটনাটি ঘটে। সকালে বিষয়টি নজরে আসার পর বটতলা থানায় খবর দেওয়া হয়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। তাঁদের দাবি, এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই হামলা। যদিও হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ।


Share