State Election

পুজো মিটলেই পুরভোটের দামামা! কলকাতা-হাওড়া-সহ একাধিক পুরসভায় ভোট, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

রাজ্য নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০

রাজ্যে ফের ভোটের দামামা। দুর্গাপুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় ভোট হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে এ বার রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে পুজোর আগেই পুরভোট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনার জন্য কত সংখ্যক পুলিশ বাহিনী প্রয়োজন, তা-ও ছয় জেলার প্রশাসনের কাছে কমিশন জানতে চেয়েছে। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও জেলা মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে নির্বাচনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, এ দিনের বৈঠকে পুরভোটের প্রস্তুতির একাধিক দিক খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে ছিল পুর এলাকার নতুন সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি, ভোটকেন্দ্র নির্বাচন এবং পর্যাপ্ত ভোটকর্মী নিয়োগের পরিকাঠামো। তবে বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম দিয়েই পুরভোট হবে, নাকি নতুন প্রযুক্তির ইভিএম ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইভিএমের জোগানের উপরই নির্ভর করছে বকেয়া পুরসভাগুলিতে এক দিনে ভোট হবে, নাকি একাধিক দফায় নির্বাচন করানো হবে। এ নিয়েও প্রথম পর্যায়ের বৈঠকে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগমে নির্বাচন বকেয়া রয়েছে, তার মধ্যে রয়েছে পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশন-কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়ি। এ ছাড়াও, উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর ও ধূপগুড়িতে নির্বাচন বাকি রয়েছে। তালিকায় রয়েছে বালি, ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো আরও কয়েকটি পুরসভা। তবে বুধবারের বৈঠকে কমিশন নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করেছে। সূত্রের খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এরপর আপত্তি ও দাবি খতিয়ে দেখে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং, নিরাপদ স্ট্রং রুম তৈরির পরিকাঠামো এবং ভোটের সময় ইভিএম ও অন্যান্য সামগ্রী মোতায়েনের ব্লু-প্রিন্ট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় কর্মী বরাদ্দের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই প্রাথমিক পর্যায়ের বৈঠক থেকেই স্পষ্ট, আসন্ন উৎসবের মরশুম এবং দুর্গাপুজো শেষ হলেই বকেয়া পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।


Share