Janakalyan Shibir

আগামী ১৫ জুন থেকে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির, এক ছাতার তলায় মিলবে ৫৫টি সরকারি পরিষেবা

আগের সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজন করা হচ্ছে বিশেষ জনকল্যাণ শিবির।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৮:২৫

নতুন সরকারের জনকল্যাণমূলক পরিষেবা এ বার পৌঁছে যাবে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায়। আগের সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজন করা হচ্ছে বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবিরগুলিতে এক ছাতার তলায় মিলবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকারের এটিই প্রথম বৃহৎ জনসংযোগ কর্মসূচি। তিন দিনব্যাপী এই উদ্যোগে সাধারণ মানুষ প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে অন্নপূর্ণা যোজনাকে ঘিরে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। প্রকল্পে আবেদন, ফর্ম পূরণ কিংবা বিভিন্ন তথ্য জানার ক্ষেত্রে যে সমস্যার মুখে বহু মানুষ পড়ছেন, তা দূর করতেই এই শিবিরের আয়োজন বলে প্রশাসনিক সূত্রে খবর।

শিবিরে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা, বার্ধক্য ভাতা-সহ একাধিক প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। পাশাপাশি আধার, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথিতে ভুল সংশোধনের ব্যবস্থাও থাকবে। কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও আবেদন আটকে থাকলে, সেখানেই সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করে তুলতেই এই তিন দিনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে যাতে কোনও যোগ্য ব্যক্তি সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেজন্য জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।


Share