Student Protest

পুলিশ কনস্টেবল নিয়োগের তালিকা দ্রুত প্রকাশের দাবি, প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ, সমস‍্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

দীর্ঘদিন ধরে একাধিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ছাত্র সমাজের বিক্ষোভ। সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি আন্দোলনকারীদের। দাবি পূরণ না হলে পিআরবি ঘেরাও থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি।

ধর্মতলায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ০৬:৪৫

পরীক্ষা হয়েছে। ইন্টারভিউ হয়েছে। কিন্তু মেধাতালিকা প্রকাশ হয়নি। তা দ্রুত প্রকাশ করতে ধর্মতলায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, সেপ্টেম্বর মাসের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার দুপুরে রাজ‍্য ও কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের মেধাতালিকা প্রকাশিত করতে হবে, এই দাবি নিয়ে তিনশোর বেশি চাকরি প্রার্থীরা ধর্মতলায় জমা হয়। সেখান থেকে মিছিল করে ওয়াই চ্যানেলে গিয়ে একটি সমাবেশ করে। কনস্টেবল, সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশের বিভিন্ন পদের পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবি জানানো হয়।

তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার গঠন করা হয়েছে। তার পরেও চিত্র একই। এমনই দাবি করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, আগের সরকারও চাকরিপ্রার্থীদের আবেগ নিয়ে খেলেছে। সরকার বদলালেও তাঁদের পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। তাঁদের বক্তব্য, রাজ্যের রং বদলেছে। কিন্তু চাকরিপ্রার্থীদের সমস্যার সমাধান হয়নি। প্রায় সাত দিন আগে রাজ্য সরকারের কাছে ফল প্রকাশের দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবিতে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে ফের পথে নামতে তাঁরা বাধ্য হয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় পরীক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

চিরঞ্জিত মন্ডল নামে একজন শিক্ষক বলেন, "দীর্ঘদিন ধরে রাজ্যে কোনও পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। তাই সরকারের ঘুম ভাঙাতে আমাদের এই আন্দোলন।” আন্দোলনকারীদের এ-ও দাবি, তাঁরা কোনও ভাতা চান না। স্থায়ী নিয়োগ চান। সরকারের কাছে তাঁদের একটাই দাবি— নিয়োগ সংক্রান্ত পরীক্ষাগুলির ফল দ্রুত প্রকাশ করতে হবে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। যদি না হয় তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবেন। প্রয়োজনে সল্টলেকের পিআরবি দফতর ঘেরাও করা হবে। এমনকী, আমরণ অনশনের মতো কর্মসূচিতেও তাঁরা সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২০২৪ সালে ১২ হাজার রাজ‍্য পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। ২০২৫ সালের নভেম্বর মাসে নিয়োগের পরীক্ষা হয়। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নিয়োগের জন‍্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার বাকি ছিল মেধাতালিকা প্রকাশের। তা নিয়ে হাই কোর্টের মামলা দায়ের হয়। অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ইডব্লুএস)-এর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মেধাতালিকা প্রকাশে নিষেধাজ্ঞা দেয়। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


Share