Reviving Historic Bascule

ঐতিহ্য রক্ষা ও আধুনিকতার ছোঁয়া, কলকাতা ডকের ‘বাসকিউল ব্রিজে’ বড় সংস্কার, খরচ হবে ১১৭.৫৪ কোটি

এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৭.৫৪ কোটি টাকা। ১৯৬৬ সালে নির্মিত ডাবল-লিফ রোলিং ব্রিজটি শুধু একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন নয়, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ অঞ্চলকে শহরের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা এক গুরুত্বপূর্ণ সড়ক সংযোগও বটে।

বাসকিউল ব্রিজ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বড়সড় সংস্কার কর্মসূচি হাতে নিল শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষ। নিরাপদ, দ্রুত এবং আরও কার্যকর পণ্য পরিবহণ নিশ্চিত করতে কলকাতা ডক সিস্টেমের ঐতিহাসিক বাসকিউল ব্রিজের সংস্কার কাজ শুরু হয়েছে।

এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৭.৫৪ কোটি টাকা। ১৯৬৬ সালে নির্মিত ডাবল-লিফ রোলিং ব্রিজটি শুধু একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন নয়, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ অঞ্চলকে শহরের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা এক গুরুত্বপূর্ণ সড়ক সংযোগও বটে।

অস্ট্রিয়ার সংস্থা ওয়াগনার-বিরো ব্রিজ সিস্টেমস এজি-র তৈরি এই ব্রিজ-এর বিশেষত্ব হল, খিদিরপুর ডক ১ ও ডক ২-এর মাঝ দিয়ে বড় কার্গো জাহাজ চলাচলের সময় এটি দু’ভাগে বিভক্ত হয়ে খুলে যায়। আবার বন্ধ হলে সেটিই ভারী বাণিজ্যিক যানবাহন ও নিত্যযাত্রীদের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।

সংস্কার প্রকল্প বাস্তবায়নে রেল বিকাশ নিগম লিমিটেডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে মুম্বইয়ের সংস্থা এইচ অ্যান্ড এইচ ফ্রেসিনেটকে-কে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

Share