Post Poll Violence

২০২১ সালের নির্বাচনের ভোট পরবর্তী হিংসার ঘটনায় দায়ের ১৮১টি নতুন মামলা, খুলছে পুরোনো মামলার ফাইল

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনার নতুন করে শতাধিক এফআইআর দায়ের হয়েছে। বেশ কিছু রিপোর্ট জমা পড়ে যাওয়া মামলার ফাইলও খোলা হয়েছে। সেই সময়ের ঘটনায় নতুন করে তদন্ত পুলিশ শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১০:৩৪

আগেই ঘোষণা করা হয়েছিল। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। সেই প্রত‍্যাশা মতোই ২০২১ সালে ভোট-পরবর্তী সন্ত্রাসের ঘটনার ফাইল আবার খুলতে শুরু করে দিল রাজ‍্য সরকার। অভিযোগের ভিত্তিতে নতুন করে মামলা দায়ের করা শুরু হয়েছে। যে মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে, তা-ও ফের খোলা হচ্ছে। সেই রিপোর্ট কতটা যথাযথ তা খতিয়ে দেখতেই এই সমস্ত ফাইল খোলা হচ্ছে বলে জানা গিয়েছে।

পুলিশ এখনও পর্যন্ত ৪৫৮টি মামলায় নতুন করে অনুসন্ধান শুরু করেছে। এ ছাড়াও, ১৮১টি নতুন এফআইআর দায়ের হয়েছে। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে অর্ধশতাধিক মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন। প্রায় দু’হাজার ভোট-পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে অনেক মামলারই চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে। তবে নতুন করে ৫৯টি মামলার ফাইল খুলেছে। ভবিষ্যতে এমন আরও অনেক মামলার ফাইল খোলা হবে সেই ইঙ্গিতও মিলেছে।

২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। ভোট-পরবর্তী সন্ত্রাসের অন্য মামলাগুলির দায়িত্ব রাজ্য এবং কলকাতা পুলিশের হাতেই দিয়েছিল আদালত।

বিধানসভা নির্বাচনের ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনের পরে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছেন। বিজেপি কর্মীদের সম্পত্তি ভাঙচুর থেকে ঝড়েছিল রক্ত। ক্ষমতায় আসার পরে তাঁর যে হিসেব হবে তা-ও বলেছিলেন বিজেপির নেতারা। সেই সময় প্রায় ১২ হাজার এফআইআর হয়েছিল বলে জানিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার আবার সেই ফাইল আবার খুলছে।


Share