Kolkata Traffic Alert

রঙের উৎসবের পরেই রাজপথে রাজনীতি! কলকাতার একাধিক রাস্তায় মিছিল, যানজটের সতর্কতা ট্রাফিক পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মধ্য কলকাতায় একটি রাজনৈতিক মিছিল বের হবে। মিছিলটি নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবে। ফলে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:০৫

রঙের উৎসব শেষ হতেই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার শহরের রাজপথে বাড়তে পারে উত্তাপ। একাধিক রাজনৈতিক মিছিলের কারণে মধ্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশ আগাম সতর্কতা জারি করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মধ্য কলকাতায় একটি রাজনৈতিক মিছিল বের হবে। মিছিলটি নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবে। ফলে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে।

এর কিছু ক্ষণ পর, দুপুর সাড়ে ১২টা নাগাদ শিয়ালদা থেকে আরেকটি মিছিল শুরু হবে। বিদ্যাপতি সেতু, এজেসি বোস রোড এবং মহাত্মা গান্ধী রোড হয়ে মিছিলটি কলেজ স্কোয়্যার পর্যন্ত পৌঁছোবে। এতে কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকাতেও যানজটের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও, দুপুর ১টা নাগাদ রানি রাসমণি অ্যাভিনিউতেও একটি মিছিল হওয়ার কথা রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই মিছিলে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশ নিতে পারেন। ধর্মতলার স্টেটসম্যান হাউসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে।

পরে দুপুর আড়াইটে নাগাদ আরও একটি মিছিল রফি আহমেদ কিদোয়াই রোড এবং এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে। এর জেরে ধর্মতলা ও আশপাশের এলাকায় যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার মধ্যে আইএসএল ম্যাচ রয়েছে। ম্যাচ উপলক্ষে বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে জড়ো হতে পারেন। সেই কারণে ইএম বাইপাস, বেলেঘাটা মেন রোড এবং নারকেলডাঙা মেন রোডে যানবাহনের চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।


Share