Taratala Incident

ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণকে ধরল পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ, মুখ‍্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পুরসভার ঘুঘুর বাসা ভাঙতে শুরু হল তৎপরতা

মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছাড়াও কালীচরণ সাংসদ তহবিল এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার ছিলেন। অভিযোগ, ফিরহাদের আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। পুরসভায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল।

(বাঁ দিক থেকে) প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৯:৩১

তারাতলার নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ধরল পুলিশ। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি পরেই কলকাতা পুরসভার ‘ঘুঘুর বাসা’ ভাঙতে তৎপর হল কলকাতা পুলিশ।

তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আপনারা (তৃণমূল) পুরসভায় কী করেছেন আমাদের জানা আছে। কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা পুরসভায় কালী না-বললে কোনও প্ল্যান (পাশ) হয় না। সবাই জানে, কালীকে ক‍্যামাক স্ট্রিট নিয়োগ করেছে। এই কালী বাইপাসের ধারে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে। পুরসভা থেকে টাকা তুলে ওখানে পাঠায়।”  

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল জানিয়েছে, তারাতলার ঘটনায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলের সদস্যরা তাঁকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে। তাঁকে হেফাজতে নেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

কালীচরণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারী। তিনি একসময় রাজ‍্য পুলিশে চাকরি করতেন। পরে আমলা হিসাবে প্রশাসনে যোগ দেন। কীভাবে আমলা হিসেবে যোগ দিয়েছেন তা নিয়েও এখনও কেউই স্পষ্ট করে কিছুই বলতে পারেননি। ২০১৮ সালের শেষ দিকে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। তখনই কলকাতা পুরসভায় কালীচরণের আবির্ভাব ঘটে।

মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছাড়াও কালীচরণ সাংসদ তহবিল এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার ছিলেন। অভিযোগ, ফিরহাদের আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। পুরসভায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। তাঁর অনুমোদন না পেলে শহরের কোনও নির্মাণকাজ এগোতে পারত না।


Share