POCSO Arrest

কলকাতার সরকারি হাসপাতালে নাবালিকার সন্তান প্রসব, জিরো এফআইআর ভবানীপুরে, এন্টালি থানার হাতে গ্রেফতার যুবক

হাসপাতালের তরফে প্রথমে ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। পরে আইন অনুযায়ী মামলাটি এন্টালি থানায় পাঠানো হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০

কলকাতার একটি সরকারি হাসপাতালে নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের অনুযায়ী মামলাটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তর করা হয়। ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধৃতের সমির আলম (১৯)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এন্টালি থানা এলাকার বাসিন্দা ১৬ বছরের এক কিশোরী গত ২১ সেপ্টেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাতকে চিকিৎসার প্রয়োজনে কলকাতার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাবালিকার আধার কার্ড জমা দেয়। তাতে নাবালিকার বয়স নথি যাচাইয়ের পর চিকিৎসকদের সন্দেহ হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়।

হাসপাতালের তরফে প্রথমে ভবানীপুর থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। পরে আইন অনুযায়ী মামলাটি এন্টালি থানায় পাঠানো হয়। হাসপাতালের অভিযোগ খতিয়ে দেখার পরে পুলিশ সমিরকে গ্রেফতার করেছে।

তদন্তকারীদের দাবি, নাবালিকার সঙ্গে দীর্ঘদিন ধরে এক যুবকের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্রেই কিশোরী গর্ভবতী হয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে কিশোরীর বয়ানও নেওয়া হতে পারে। আইন মেনেই পুলিশ নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে। যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

কিছু দিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাল্যবিবাহ রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার। ১৮ বছরের আগে যে মেয়েরা সন্তানের জন্ম দেবে, তাদের স্বামীর বিরুদ্ধে পকসো আইনে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোষীর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সুযোগ, সামাজিক ভাতা থেকেও বঞ্চিত হতে হবে তাঁদের। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরে দু’টি পৃথক ঘটনায় পূর্ব বর্ধমানের রায়না এবং ভাতার থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। উভয় ক্ষেত্রেই ১৮ বছরের গণ্ডি পেরোনোর আগে কিশোরীদের বিয়ে এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ ছিল।

এ ছাড়াও, মুর্শিদাবাদেও কিছু দিন আগে এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু খাস কলকাতায় নাবালিকার বিয়ে কিংবা সন্তানসম্ভবা হয়ে পড়ার ঘটনা বিরল। নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share