Medical College

অফিস টাইমে মিছিল হলে যানজটের সম্ভাবনা, কমিউনিস্ট চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ

কয়েক জন চিকিৎসককে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই শোকজের প্রতিবাদ করতে উপাধ্যক্ষকে ঘেরাও করে কমিউনিস্টরা। অভিযোগ, সেই সময় বহিরাগতরা মেডিকেলে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ১২:৪১

মেডিকেল কলেজের কমিউনিস্ট চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এমন সময় মিছিল হলে অফিস যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। সেই কারণকে সামনে রেখে তাঁদের মিছিল করতে অনুমতি দেয়নি। ইতিমধ্যেই সংগঠনকে ইমেল মারফত জানিয়ে দিয়েছে বউবাজার থানা।

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে মন্তব্য করেছিল মেডিক্যাল কলেজের কয়েক জন কমিউনিস্ট ইন্টার্ন ডাক্তার। তাঁদের অভিযোগ ছিল, হাসপাতালে ওষুধের খামতি রয়েছে। এমনকী, ব্যবস্থাপনাতেও হাসপাতালের খামতির রয়েছে। এর পরই তাঁদের মধ্যে একাংশকে শোকজ করা হয়। সেই শোকজের প্রতিবাদ করতে উপাধ্যক্ষকে ঘেরাও করে কমিউনিস্টরা। অভিযোগ, সেই সময় বহিরাগতরা মেডিকেলে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়।

সেই ঘটনায় বউবাজার থানায় মামলা দায়ের হয়। হাসপাতালের উপাধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ঘেরাও চলাকালীন তাঁকে নিগ্রহ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের হয়েছে। সেই মামলার তদন্তে মোট পাঁচ জনকে সমন পাঠানো হয়। ১৯ নভেম্বর সমন পাঠানো হয়। তাঁদের মধ‍্যে তিন জন ডাক্তার রয়েছে। তাঁদেরই বৃহস্পতিবার বউবাজার থানায় হাজিরা দেওয়ার কথা রয়েছে।

উপাধ্যক্ষকে নিগ্রহ করার অভিযুক্ত তিন কমিউনিস্ট জুনিয়র চিকিৎসককে 'বীরের সম্মান' দিয়ে বৃহস্পতিবার মিছিল করার কথা রয়েছে। তবে তাঁদের মিছিল করতে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের বক্তব্য, মিছিল করে থানা অভিযানের অর্থ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করা। এর ফলে আইনের কাজে বাধা সৃষ্টি হতে পারে। এই মিছিল আইনশৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে। তাই মিছিল করা যাবে না। পুলিশ এ-ও জানিয়েছে, মিছিল বেরোলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলের সমস্যা হবে। শৃঙ্খলাভঙ্গ হতে পারে।


Share