Civic Volunteer Arrested

কসবার বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার লালবাজারের কর্মরত মহিলা সিভিক ভলান্টিয়ার, একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের

গত ১৬ তারিখে কসবা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কিছু গয়না চুরি যায়। সেই সঙ্গে বাড়িতে থাকা নগদ তিন হাজার টাকাও চুরি হয়েছিল। সেই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ তদন্ত শুরু করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০২:১০

কসবায় একটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হল কলকাতা পুলিশের এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে। ধৃতের নাম প্রিয়ঙ্কা পাঁজা ওরফে চুমকি। প্রিয়াঙ্কা লালবাজারে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত ১৬ তারিখে কসবা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশ কিছু গয়না চুরি যায়। সেই সঙ্গে বাড়িতে থাকা নগদ তিন হাজার টাকাও চুরি হয়েছিল। সেই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ তদন্ত শুরু করে। বাড়ির আশেপাশের থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হয়।

পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় প্রিয়াঙ্কা পাঁজা ওরফে চুমকি পাঁজাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয়াঙ্কা কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। বর্তমানে লালবাজারে বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। ঘটনার দিন প্রিয়াঙ্কারে স্কুটি নিয়ে ওই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই স্কুটিটিকে চিহ্নিত করেই এই মহিলা সিভিক ভলান্টিয়ারের নাম সামনে আসে।

ধৃতকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। চুরির ঘটনা অভিযুক্ত স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়েছে। তবে নগদ টাকা উদ্ধার করা যায়নি। সেই টাকা অভিযুক্ত খরচ করে ফেলেছেন বলে জেরায় দাবি করেছেন। তবে মহিলা সিভিক ভলান্টিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, স্কুটি নিয়ে এ ভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যখনই কোনও বাড়ি ফাঁকা দেখেন, সুযোগ বুঝে এই চুরির ঘটনা ঘটান। অভিযুক্ত মহিলা সিভিক ভলান্টিয়ার আর কোথায় চুরি করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।


Share