Abhishek Banarjee

শনিবার ভোরে কালীঘাটে অভিযানে পুলিশ-সিআরপিএফ, অভিষেকের বাড়ি ঘিরে তল্লাশি, ঘটনাস্থলে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তল্লাশি চলাকালীন অভিষেকের সঙ্গেই ছিলেন তিনি বলে জানা গিয়েছে। অভিষেক বেরিয়ে বলেন, ‘‘তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি ওরা সার্চ করেছে। সব রেকর্ড রয়েছে।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১০:১৮

ফের শনিবার ভোররাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌছোল পুলিশ। শনিবার ভোররাতেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী পৌঁছে যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে। বাড়ি ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছে মহিলা পুলিশকর্মীরাও। অভিষেকের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে।

জানা গিয়েছে, শনিবার ভোর তিনটের কিছু পরেই পুলিশ বাহিনী অভিষেকের বাড়ির সামনে পৌঁছোয়। ভোররাতে এসে দীর্ঘ ক্ষণ ডাকাডাকির পর তারা তালা ভেঙে ভিতরে ঢোকে। শেষে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভিতরে ঢোকে। পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়। পটুয়াপাড়ার বাড়ি ঘিরে বাইরে দাঁড়িয়ে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ঘণ্টাখানেকেরও বেশি সময় তল্লাশি চালানোর পরে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোয়। নিজেদের মধ্যে আলোচনার পরে ফের ভেতরে চলে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল আটটার পর পুলিশ বাড়ি থেকে বেরিয়েছে। ঘটনাস্থল থেকে তখন চলে যান মমতা। তল্লাশি চলাকালীন অভিষেকের সঙ্গেই ছিলেন তিনি বলে জানা গিয়েছে। অভিষেক বেরিয়ে বলেন, ‘‘তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি ওরা সার্চ করেছে। সব রেকর্ড রয়েছে।’’

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে খুঁজতে কালীঘাটে তল্লাশি চালাল শালবনি থানার পুলিশ। সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি, জমি সংক্রান্ত দুর্নীতি, আর্থিক প্রতারণা এবং টাকার বিনিময়ে রাজনৈতিক টিকিট পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলার তদন্তে নেমে পুলিশ তাঁর শেষ মোবাইল টাওয়ার লোকেশন কালীঘাট এলাকায় শনাক্ত করে। সেই সূত্র ধরেই গভীর রাতে, প্রায় তিনটে নাগাদ, পুলিশ কালীঘাটের পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তদন্তকারী সূত্রের দাবি, সুমিত রায়ের সন্ধানেই তৃণমূল সাংসদের বাসভবন-সহ গোটা বহুতল চত্বর তন্ন তন্ন করে খোঁজা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও এখনও পর্যন্ত সুমিত রায়ের কোনও খোঁজ মেলেনি।


Share