Road Accident

ঠেকানো যাচ্ছে না বাসের রেষারেষি, বেহালায় স্কুটি চালকের মৃত্যু, প্রশ্নের মুখে শহরের সড়ক নিরাপত্তা, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

স্থানীয়দের দাবি, বাসের বেপরোয়া গতি ও রেষারেষি রুখতে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০২:৪৬

বাসের রেষারেষি কলকাতার এক পরিচিত ছবি। কোনও ভাবেই তা ঠেকানো সম্ভব হচ্ছে না। আবার এই ঘটনায় প্রাণ হারাবেন এক স্কুটিচালক। দক্ষিণ কলকাতার বেহালায় বাসের রেষারেষির জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাসের রেষারেষি মাঝেই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কে আগে যাত্রী তুলবে সেই প্রতিযোগিতায় দ্রুতগতিতে একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করছিল দুটি বাস। সেই সময় ওই স্কুটিটি দুই বাসের মাঝখানে পড়ে গেলে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, যাত্রী তোলার প্রতিযোগিতায় অনেক সময়ই বাসচালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। সেই কারণেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার পর ফের শহরের গণপরিবহনের নিরাপত্তা এবং বাসচালকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তায় কোনও ট্রাফিক পুলিশ নেই। কোনও কোনও সময় ট্রাফিক পুলিশের সামনেই রেষারেষি করছে বাস। তাঁরা কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করেন। বারবার বলা সত্ত্বেও কোনও ব‍্যবস্থা নেওয়া হয় না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দু’টি বাস বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের চালকদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয়দের আরও দাবি, বাসের রেষারেষি ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনও নিরীহ মানুষের প্রাণ এভাবে না যায়।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে বড়িশা হাইস্কুলের এক পড়ুয়ার পথ দুর্ঘটনায় মৃত্যুর পর প্রশাসন সক্রিয় হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরির ধাক্কায় মৃত্যু হয় ওই পড়ুয়ার। এরপর এলাকায় ক্রস ওভার গেট বসানো এবং ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সেই ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। বর্তমানে আবার ফুটপাথ দখল হয়ে যাওয়ার পাশাপাশি ক্রস ওভার গেটেও নজরদারির অভাব দেখা দিয়েছে। বাসের বেপরোয়া গতি ও রেষারেষি রুখতে বাস সংগঠনগুলির সঙ্গে তৎকালীন পরিবহণ মন্ত্রী বৈঠকও করেছিলেন। কিন্তু সেই উদ্যোগ কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।।


Share