Partha Chatterjee

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেই জামিন পার্থর, ৭ হাজার টাকার বন্ডে মুক্তি, আদালত বেঁধে দিল ছ’টি শর্ত

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৮:৩১

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তবে জামিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ছ’টি শর্ত।

আদালতে পৌঁছলেও শারীরিক অসুস্থতার কারণে দোতলায় উঠতে পারেননি পার্থ। ফলে আদালতকক্ষে না গিয়ে নীচে নিজের গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তিনি। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে মেডিক্যাল রিপোর্ট পেশ করে জানান, পার্থর একাধিক কোমর্বিডিটি রয়েছে। শারীরিক সমস্যার কারণে সিঁড়ি দিয়ে ওঠা তাঁর পক্ষে সম্ভব নয়। এই বক্তব্য শোনার পর একতলা থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেন বিচারক। আদালত ভবনে লিফ্‌ট না থাকায় শেষ পর্যন্ত গাড়িতে বসেই শুনানি সারতে হয় প্রাক্তন মন্ত্রীকে।

এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা আদালতে জমা দিয়েছিল সিবিআই। এর পরেই পার্থকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। জামিন মঞ্জুর করলেও তাঁর চলাফেরা ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে আদালত। চিকিৎসার প্রয়োজন ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না পার্থ। পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে। চার্জ গঠনের দিন তাঁকে সশরীরে হাজির থাকতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করা, প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়া এবং একই ধরনের অপরাধে জড়িত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও সাক্ষীকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।


Share