Civic Volunteers

দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত! ৪০০ জনের বেশি সিভিক ভলান্টিয়ারকে ডিমোবিলাইজ করল লালবাজার

সেন্ট্রাল ডিভিশনের এক থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের দাবি, তাঁরা যে বেতন পান তা দিয়ে সংসার টানা কার্যত অসম্ভব। তাই এই কাজের পাশে কেউ কেউ অন‍্য কাজ করে। তাই অনুপস্থিতি বাড়ে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০১:১৪

এ বার সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল লালবাজার। সূত্রের খবর, ৪১৭ জন সিভিক ভলান্টিয়ারকে ডিমোবিলাইজ করে দেওয়া হয়েছে। দীর্ঘ এক বছর বা তার বেশি সময় ধরে তাঁরা কাজে আসছেন না বলে দাবি করা হয়েছে। তাই তাঁদের ডিমোবিলাইজ বা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। 

সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। এই ৪১৭ জন সিভিক ভলান্টিয়ার বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এই ৪১৭ জন কাজে নিয়মিত ভাবে আসতেন না। কাজে কেন তাঁরা আসেননি তার কারণও জানানো হয়নি। একাংশের আবার শৃঙ্খলার অভাব ছিল বলে মনে করছে লালবাজার। সেই কারণেই এঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে লালবাজার। 

সিপিএমের সময় কলকাতা পুরসভা সাহায্যে গ্রিন পুলিশ তৈরি করেছিল। তৃণমূল জমানায় এই গ্রিন পুলিশের নাম বদল করে রাখা হয় সিভিক ভলান্টিয়ার। সেই সংখ‍্যাটা দেড় লক্ষে কাছাকাছি রয়েছে। প্রায় প্রতিটি থানাতেই তাঁরা কাজ করছেন। কোনও যোগ্যতার পরীক্ষা ছাড়াই দলীয় কর্মীদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ‍্য আগের আমলের অনেক কিছু বয়ে নিয়ে চলছে। সিভিক ভলান্টিয়ারদের যোগ‍্যতা যাচাই করা হবে। তার পরে অযোগ‍্যদের বাদ দেওয়া হবে।

সিভিক ভলান্টিয়ারদের কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে বেতন কেটে নেওয়া হত। সেন্ট্রাল ডিভিশনের এক থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের দাবি, তাঁরা যে বেতন পান তা দিয়ে সংসার টানা কার্যত অসম্ভব। তাই এই কাজের পাশে কেউ কেউ অন‍্য কাজ করে। তাই অনুপস্থিতি বাড়ে। কিন্তু এ সব যে আর চলবে না কার্যত স্পষ্ট ছিলই। ৪১৭ জনকে ডিমোবিলাইজ করে কর্মরত বাকি সিভিক ভলান্টিয়ারদের বার্তা দিতে দিল লালবাজার। 


Share