Rape Case

আনন্দপুরের আবাসনে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা! দুর্গাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

অভিযুক্ত যুবকের নাম মন্টু কুমার (৩২)। রবিবার দুপুর ৩টে নাগাদ আরবানা আবাসনের টাওয়ার ৬-এ ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মহিলা ওই আবাসনে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, তিনি রান্নাঘরে কাজ করছিলেন। সেই সময় মন্টু কুমার তাঁর ওপর চড়াও হয়।

অভিযুক্ত যুবকের নাম মন্টু কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ১১:২১

পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল খাস কলকাতায়। আনন্দপুর থানার আরবানা আবাসনে ঘটনাটি ঘটেছে। ৩২ বছর বয়সী ওই মহিলা বাধা দিলে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মহিলাকে ধর্ষণের চেষ্টা করেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। দুর্গাপুর থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

অভিযুক্ত যুবকের নাম মন্টু কুমার (৩২)। রবিবার দুপুর ৩টে নাগাদ আরবানা আবাসনের টাওয়ার ৬-এ ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মহিলা ওই আবাসনে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, তিনি রান্নাঘরে কাজ করছিলেন। সেই সময় মন্টু কুমার তাঁর ওপর চড়াও হয়। তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। তিনি বাধা দেন। এর পরেই রান্নাঘরে থাকা ছুরি দিয়ে ওই মহিলাকে আঘাত করা হয়। অপরাধ সংঘটিত করেই মন্টু এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়েই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। জানানো হয় লালবাজারের গুন্ডা দমন শাখাকে। তাঁরা এলাকার সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে হাওড়া থেকে পঞ্জাব মেলে করে পালিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ আরপিএফকে গোটা বিষয়টি জানানো হয়। তাঁকে দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে এআরএস। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও দায়ের করা হয়েছে।


Share