Kalighat Police Outpost

জঙ্গি হামলার সম্ভাবনা কালীঘাট মন্দিরে! নিরাপত্তা জোরদার করতে আউটপোস্ট তৈরি করবে লালবাজার, বিজ্ঞপ্তি জারি

কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে আউটপোস্টটি পরিচালিত হবে। কোন এসিপি এই দায়িত্বে থাকবেন তাঁকে ডেপুটি কমিশনার (দক্ষিণ) মনোনীত করবেন। তিনিই সার্বিক ভাবে এই নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকবেন।

কালীঘাট মন্দিরে হবে পুলিশ আউটপোস্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৭:০৯

কালীঘাট মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পুলিশ আউটপোস্ট তৈরি করবে লালবাজার। পুলিশ মনে করছে, মন্দির ও সংলগ্ন এলাকায় নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে। সেখানে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। তাই সেখানে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে লালবাজার।

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীঘাট মন্দিরের প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। লালবাজার মনে করছে, এই মন্দিরে জঙ্গিরা হামলা চালাতে পারে। এমনকী, সেখানে চরমপন্থী এবং অন্যান্য অনভিপ্রেত কার্যকলাপের সম্ভাবনাও রয়েছে। যা মন্দির এবং ভক্তদের নিরাপত্তার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। সেই বিষয়টিকে লালবাজার গুরত্ব দিয়ে বিবেচনা করেছে।

বৃহস্পতিবার লালবাজার এ-ও জানিয়েছে, মন্দির এবং তার সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই একটি আউটপোস্ট তৈরির পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রের খবর, তা অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত করা যায়নি। সেখানে আউটপোস্ট হলে মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। এর ফলে আইনশৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করার পুলিশের পক্ষে সম্ভব বলে মনে করছে লালবাজার।

লালবাজার সূত্রের খবর, এই আউটপোস্টের জন‍্য ২০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে। ওই আউটপোস্টকে সাউথ ডিভিশন নিয়ন্ত্রণ করবে। সেখানে একজন ইন্সপেক্টর, দু’জন সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট, চারজন সহকারী সাব-ইন্সপেক্টর, আটজন কনস্টেবল, পাঁচ জন মহিলা কনস্টেবল থাকবেন।

লালবাজার সূত্রে আরও খবর, তিনি
নন-ইনভেস্টিগেটিং ক্যাডারের ইন্সপেক্টর হবেন। পুলিশ আউটপোস্টের কালীঘাট থানার অধীনে কাজ করবে। উল্টো দিকে আউটপোস্টের ওসি তিনি কালীঘাট থানার ওসির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে আউটপোস্টটি পরিচালিত হবে। কোন এসিপি এই দায়িত্বে থাকবেন তাঁকে ডেপুটি কমিশনার (দক্ষিণ) মনোনীত করবেন। তিনিই সার্বিক ভাবে এই নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকবেন।

লালবাজারের এক কর্তার কথায়, চলতি কয়েক দিনে কালীঘাটে ভক্তদের চাপ বেড়েছে। এ ছাড়াও, কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রীরা সেখানে যাচ্ছেন। ফলে নিরাপত্তার আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।


Share