Maheshtala Clash

রাস্তা তৈরির কাজ ঘিরে রণক্ষেত্র মহেশতলা! ইটের আঘাতে জখম স্কুল পড়ুয়া, মাথায় পড়ল পাঁচটি সেলাই

ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

দু’পক্ষের সংঘর্ষে মাথা ফাটল স্কুল পড়ুয়ার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ০৯:১৯

মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগতলা এলাকায় রাস্তা তৈরির কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রাস্তার কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্কুলের অভিভাবকদের বচসা থেকেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। ঘটনায় ইটের আঘাতে এক স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে মহেশতলা পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই পড়ে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকাল থেকেই দক্ষিণ জগতলা এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে রাস্তা তৈরির কাজ শুরু হয়। সেই কাজ নিয়েই এলাকার বেশ কয়েক জন বাসিন্দা আপত্তি জানান। তাঁদের অভিযোগ, রাস্তা অতিরিক্ত উঁচু করে তৈরি করা হলে এলাকার মানুষ সমস্যায় পড়বেন। পাশাপাশি, রাস্তা তৈরির আগে নিকাশি নালা তৈরি করা প্রয়োজন বলেও তাঁরা দাবি জানান।

এই বিষয়কে কেন্দ্র করেই প্রথমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের বচসা শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা রণক্ষেত্রের রূপ নেয়। পরে তা হাতাহাতিতে গড়িয়ে যায়। অভিযোগ, রাস্তার উপর পড়ে থাকা নোংরা, ময়লা ও কাদা একে অপরের দিকে লক্ষ‍্য করে ছুড়তে শুরু করেন দু’পক্ষের লোকজন।

এর মধ্যেই ঘটে বিপত্তি। অভিযোগ, এক প্রতিবেশীর ছোড়া ইট এক স্কুল পড়ুয়ার মাথায় এসে লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় শিশুটি রাস্তায় লুটি পড়ে। তাকে উদ্ধার করে মহেশতলা পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই করেন।

ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। অন্য দিকে, আহত স্কুল পড়ুয়ার অভিভাবকদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাস্তার কাজ ঘিরে তৈরি হওয়া এই বিবাদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর।


Share