Fire Incident

নবমীর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাঘাযতীন বাজার, ভস্মীভূত ১৫টি দোকান, আগুন নেভাতে নামল দমকলের ১৫টি ইঞ্জিন

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৫টি ইঞ্জিনকে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালাতে হয়। জনবহুল বাজারে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঘাযতীনে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, বাঘাযতীন
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১০:২৭

নবমীর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজার। মঙ্গলবার ভোরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাজারের প্রায় ১৫টি দোকান। আগুনের খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৫টি ইঞ্জিনকে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালাতে হয়। জনবহুল বাজারে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে আগুন লাগার খবর পেয়েই নেতাজিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দমকল দফরেও খবর দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় একে একে ১৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন যাতে বাজারের অন্যান্য অংশ কিংবা আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকেই বিশেষ নজর দেন দমকলকর্মীরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ বাজারের একটি বাতাসা তৈরির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে অনুমান। তবে কী কারণে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দমকলের তরফে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর কুলিং প্রক্রিয়া শেষ হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরীক্ষা করা হবে। পাশাপাশি, ফরেনসিক তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হবে।


Share