Suvendu Adhikari

স্বাধীনতা দিবসে বড় চমক, দূরদর্শনে সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর ভাষণ, ১৫ বছর পর ফিরছে নতুন রীতি

নতুন সরকার গঠনের পর স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে এটিই মুখ্যমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ জনবার্তা হতে চলেছে বলে মনে করছে শাসকদল। রাজনৈতিক মহলের মতে, স্বাধীনতা দিবসের মঞ্চকে কাজে লাগিয়ে নতুন সরকারের নীতি, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে বার্তা পৌঁছে দিতে পারেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১২:০৯

বদলের রাজ্যে এ বার স্বাধীনতা দিবস উদযাপনে নতুন চমক। দীর্ঘ ১৫ বছর পর ফের ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্প্রচারের জন্য রাজ্য বিজেপির তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন। সূত্রের খবর, দূরদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্প্রচারিত হবে। নতুন সরকার গঠনের পর স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে এটিই মুখ্যমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ জনবার্তা হতে চলেছে বলে মনে করছে শাসকদল। রাজনৈতিক মহলের মতে, স্বাধীনতা দিবসের মঞ্চকে কাজে লাগিয়ে নতুন সরকারের নীতি, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে বার্তা পৌঁছে দিতে পারেন।

বিজেপি সূত্রের দাবি, প্রায় এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য। দলের তরফে যুক্তি দেওয়া হয়, নতুন সরকার গঠনের পর মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সংস্কার একাধিক ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার কী হবে, আগামী পাঁচ বছরে কোন পথে এগোতে চায় নতুন প্রশাসন, তা রাজ্যবাসীর সামনে স্পষ্ট করা প্রয়োজন। বিজেপির মতে, স্বাধীনতা দিবসের ভাষণ সেই বার্তা পৌঁছে দেওয়ার উপযুক্ত মঞ্চ হতে পারে। দলের এক নেতার কথায়, ‘‘এটি শুধু শুভেচ্ছাবার্তা নয়। নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।”

প্রস্তাবে আরও একটি রাজনৈতিক দিকও তুলে ধরা হয়েছিল বলে জানা গিয়েছে। বিজেপির বক্তব্য ছিল, দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। কিন্তু গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ ধরনের কোনও নির্দিষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করুক এমনই প্রস্তাব রাখা হয়েছিল। সূত্রের খবর, সরকারের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে আলোচনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রস্তাবে সবুজ সংকেত দেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ রেকর্ড হয়ে গিয়েছে। শনিবার, অর্থাৎ ১৫ অগস্ট, দূরদর্শনে সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর বক্তব্য।


Share