Police Transfer

পুজো মিটতেই কলকাতা পুলিশে রদবদল, ১০টি থানার ওসি বদল, ১৩ জনের বদলিতে সিলমোহর লালবাজারের

শুক্রবার ১৩ জনের বদলির নির্দেশিকা সিলমোহর দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ইন্সপেক্টর পদমর্যাদার বোধিসত্ত্ব প্রামাণিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ভবানীপুর থানার ওসি ছিলেন

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৭:১১

পুজো মিটতেই আবার কলকাতা পুলিশের রদবদল হল। মোট ১০টি থানার ওসিদের বদলি করা হয়েছে। কাউকে থানা থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। আবার কাউকে এক থানা থেকে অন্য থানায় পাঠানো হয়েছে। এ ছাড়াও, তিনটি থানার অতিরিক্ত ওসিদেরও রদবদল করা হয়েছে।

শুক্রবার ১৩ জনের বদলির নির্দেশিকা সিলমোহর দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ইন্সপেক্টর পদমর্যাদার বোধিসত্ত্ব প্রামাণিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ভবানীপুর থানার ওসি ছিলেন। নির্বাচনের আগে তাঁকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। তাঁকে এ বার ট‍্যাংরা থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে এসটিএফে ছিলেন। বিপুল বিশ্বাসকে তারাতলা থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে ট‍্যাংরা থানার ওসি ছিলেন। শৈলেস তপ্পকে তারাতলা থানা থেকে এসটিএফে পাঠানো হয়েছে। 

পাশাপাশি, আশিস বসুকে নর্থ পোর্ট থানা থেকে কাশিপুর থানার ওসি করা হয়েছে। তিনি মুচিপাড়া থানার অতিরিক্ত ওসি ছিলেন। পরে নর্থ পোর্ট থানায় পাঠানো হয়। নির্বাচনের সময়ও তিনি সেই পদেই ছিলেন। এ বার তাঁকে কাশিপুর থানায় বদলি করা হল। নর্থ পোর্ট থানার ওসি হয়েছেন সুব্রত পান্ডা। তিনি এর আগে নাদিয়াল থানার ওসি ছিলেন। নাদিয়াল থানার ওসি হয়েছেন ইন্সপেক্টর বিশ্বজিৎ দেবনাথ। তিনি এর আগে এসবি-তে ছিলেন। 

সুব্রত কর-কে আনন্দপুর থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে বালিগঞ্জ থানার ওসি ছিলেন। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে ওয়াটগঞ্জ থানার ওসি ছিলেন। পল্লব বিশ্বাসকে ওয়াটগঞ্জ থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে বড়বাজার থানার অতিরিক্ত ওসি ছিলেন। দিলীপ সরকারকে তোপসিয়া থানার ওসি করা হয়েছে। তিনি এর আগে ট্রাফিক পুলিশে ছিলেন। প্রতিকেশ ঘোষকে পাঠানো হয়েছে হরিদেবপুর থানার ওসি করে। তিনি এর আগে তোপসিয়া থানার ওসি ছিলেন। ফইয়াদ আহমেদকে হরিদেবপুর থানা থেকে এসবি-কে পাঠানো হয়েছে। বিমল বিশ্বাসকে কাশিপুর থানা থেকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে।

এ ছাড়াও, নাজমুল হাসানকে গোয়েন্দা বিভাগ থেকে পুরসভার আদালতের কোর্ট ইন্সপেক্টর করা হয়েছে। জগেশ্বর মুর্মুকে বড়বাজার থানার অতিরিক্ত ওসি করা হয়েছে। মলয়কুমার গঙ্গোপাধ্যায়কে হেস্টিংস থানার অতিরিক্ত ওসি করা হয়েছে। সবিনয় বিশ্বাসকে ঠাকুরপুকুর থানার অতিরিক্ত ওসি করা হয়েছে। অনিমেষ হাওলাদারকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। 


Share