BJP Leader Arrested

ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার উত্তর কলকাতার বিজেপি নেতা কুশল পান্ডে, স্থগিত হল লালবাজার অভিযান

ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত ‘এখন কলকাতা’-কে বলেন, “কুশল গ্রেফতার হওয়ায় লালবাজার অভিযান স্থগিত রাখা হচ্ছে।“

বিজেপি নেতা কুশল পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১১:৪৩

কলকাতার ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের একাংশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন উত্তর কলকাতার বিজেপি নেতা কুশল পাণ্ডে। বৃহস্পতিবার আদালত চত্বরে আইনজীবীদের একাংশকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তারপর মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এ বার বিজেপি নেতাকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অন‍্য দিকে, বিজেপি নেতা কুশল পান্ডে গ্রেফতার হওয়ার পর লালবাজার অভিযান প্রত্যাহার করা হয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, বেঠকের পর পরবর্তী সিদ্ধান্ত তাঁরা নেবেন।

সম্প্রতি সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে একাধিক কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তথাকথিত ইউটিউবার দীপক ব‍্যাপারী। তাঁকে কোয়েম্বাত্তূর থেকে গ্রেফতার করে এনেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আপাদমস্তক কমিউনিস্ট ইউটিউবার দীপককে আদালতে হাজির করানোর সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কেন ডিম ছোড়া হচ্ছে তার প্রতিবাদ করায় আইনজীবীদের একাংশকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় আগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে উত্তর কলকাতার বিজেপি নেতা কুশল পান্ডে গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার কুশল পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করেছে। ঘটনার পরেও গ্রেফতার না হওয়ায় বৃহস্পতিবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা। গ্রেফতারির পরে অভিযান প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ দিন ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত ‘এখন কলকাতা’-কে বলেন, “কুশল গ্রেফতার হওয়ায় লালবাজার অভিযান স্থগিত রাখা হচ্ছে।“

আইনজীবীদের ওপরে হামলার ঘটনায় ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে চলতে থাকা আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট। কর্মবিরতি দ্রুত তোলার জন্য বার কাউন্সিলকে দুই আদালতের আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং ওমনারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কলকাতা হাই কোর্ট।


Share