KMC

কলকাতায় টানা বৃষ্টির পরও ভিন্ন চিত্র, হাতে গোনা কয়েকটি এলাকা ছাড়া জলমুক্ত অধিকাংশ রাস্তা, তথ্য দিল কলকাতা পুরসভা

টানা বৃষ্টির মধ্যেও কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেনি বলে জানিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার ওয়াটার লগিং রিপোর্ট অনুযায়ী, মাত্র কয়েকটি এলাকায় গোড়ালি বা তার কিছুটা উপরে জল জমেছে। পরিস্থিতি মোকাবিলায় পাম্পিং স্টেশন, জেট সাকশন মেশিন, পোর্টেবল পাম্প ও কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১০:২৯

কলকাতায় চলছে দিনভোর বৃষ্টি। গত বছরেও এমন বৃষ্টিতে কলকাতায় জলযন্ত্রণা দেখা দিয়েছিল। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে কলকাতা পুরসভার তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, 

সন্ধ্যা পর্যন্ত কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার কোনও সমস্যা নেই। সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট পর্যন্ত শহরের মোট ৬৫টি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে বেশির ভাগ এলাকাই সম্পূর্ণ জলমুক্ত রয়েছে। তবে কয়েকটি রাস্তায় হাঁটু নয়, গোড়ালি বা তার কিছুটা উপরে জল জমার খবর মিলেছে।

পুরসভার তথ্য অনুযায়ী, ক্যামাক স্ট্রিটের দু'পাশে, হেয়শ‍্যাম রোডে জল গোড়ালির একটু ওপর পর্যন্ত জমেছে। অন্য দিকে, এজেসি বোস রোড থেকে হাঙ্গারফোর্ড স্ট্রিট, হাঙ্গারফোর্ড রোড, এজেসি বোস-লাউডন স্ট্রিট সংলগ্ন এলাকা, এজেসি ফ্লাইওভার (মিন্টো পার্ক), এলিয়ট রোড, লি রোড, জাস্টিস চন্দ্রমাধব রোড, ডা. রাজেন্দ্র রোড, অ্যালেন বি রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ (ভিক্টোরিয়া হাউস থেকে বি.বি. গাঙ্গুলি পর্যন্ত)-এ গোড়ালি সমান জল জমে রয়েছে।

তবে শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তা ও মোড়— যেমন পার্ক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, থিয়েটার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রবীন্দ্র সদন, পার্ক সার্কাসের সাত মাথার মোড়, দ্বিতীয় হুগলি সেতু, একবালপুর, শাহপুর রোড, এসপি মুখার্জি রোড, বর্ধমান রোড, এলগিন রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, নিউ আলিপুর, আর বি অ্যাভিনিউ, শরৎ বোস রোড, ডিপিএস রোড, এম জি রোড, কলেজ স্ট্রিট, শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা, লালবাজার, স্ট্র্যান্ড রোড, কুলুটোলা স্ট্রিট-সহ অধিকাংশ এলাকাতেই কোনও জল জমেনি বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার কমিশনার তথা পুর প্রশাসক স্মিতা পান্ডে বলেন, "সমস্ত পাম্পিং স্টেশন চালু রয়েছে। ঘটনাস্থলে জেট সাকসন মেসিন রয়েছে, কন্ট্রোল রুম কাজ করছে। এমনকী, পুলিশও সজাগ রয়েছে।" তিনি জানান, এ বারে কলকাতাতে তুলনামূলক একটু বেশি বৃষ্টি হচ্ছে। তবে পুরসভা বিষয়টি সামলে নিচ্ছেন। জল জমা এলাকা প্রসঙ্গে তিনি ঠনঠনিয়া ও নন্দন পার্কের কথা উল্লেখ করে জানান, কিছু পাম্পিং স্টেশন তৈরির কাজ এখনও চলছে। তাই সেখানকার জলযন্ত্রণা দূর করতে পোর্টেবল পাম্প ব্যবহার করছে পুরসভা। 

কলকাতা পুরসভার এই রিপোর্টে স্পষ্ট, প্রবল বৃষ্টির পরেও শহরের ড্রেনেজ ব্যবস্থা মোটের ওপর কার্যকর ছিল। যদিও কিছু এলাকায় এখনও জল জমে থাকায় যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে কলকাতা পুরসভা। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share