TMC Political Crisis

অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনানি পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট

সওয়াল-জবাব শোনার পরে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, এই সমস্ত অভিযোগের শুনানি আগে হবে। তার পরেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০১:৩৪

কোনও মামলাতেই অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের বক্তব্য, মামলাগুলির বিষয়বস্তু আলাদা। ফলে শুনানি না করে নির্দেশ দেওয়া যাবে না। আদালতের এই নির্দেশের ফলে ডায়মন্ড হারবারের সাংসদের চাপ আরও বাড়ল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট আটটি ফৌজদারি মামলা হয়েছে। সবকটি অভিযোগই গুরুতর। কিছু মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে। এই সমস্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ অথবা রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমানের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ১৭টি মামলা ছিল। সেই মামলাগুলিকে একত্রিত করে কলকাতা হাই কোর্ট রক্ষাকবচ দিয়েছিল। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে অভিষেকের মামলাটিরকে কেন আলাদা করে দেখা হচ্ছে বলে প্রশ্ন করেন তিনি।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে। সবকটি মামলার বিষয়বস্তু এক নয়। কীভাবে সব মামলা একত্রিত করে শুনানি সম্ভব, সার্বিক রক্ষাকবচ কীভাবে দেওয়া যায় বলে এ দিনের শুনানিতে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সওয়াল-জবাব শোনার পরে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, এই সমস্ত অভিযোগের শুনানি আগে হবে। তার পরেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। হাই কোর্ট এ-ও জানিয়েছে, এই কয়েক দিনে যদি পুলিশ অভিষেকের বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ করে তাহলে তিনি আদালতে আবেদন করতে পারবেন।

এর আগে আমেরিকায় গিয়ে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনে আমল দেয়নি কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হোক।

অন্য দিকে, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল হাইকোর্ট। সেই মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানিয়েছিল আদালত। সেই মামলায় বিধাননগর আদালতে গিয়ে অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিয়ে এসেছেন। তবে সার্বিক ভাবে রক্ষাকবচ না মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।


Share