Special Intensive Rivision

ট্রাইব্যুনালে ছ'মাসেও শুনানি নয়, নভেম্বরের পুরভোটে আগে অনিশ্চয়তায় কলকাতা-হাওড়ার প্রায় দু'লক্ষ ভোটার

ফলে ভোটার তালিকায় নাম না থাকায় আগামী নভেম্বরের শেষে প্রস্তাবিত পুরভোটে কলকাতা ও হাওড়ার দু'লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন আবেদনকারীর ভোটদানের সম্ভাবনা কার্যত অনিশ্চিত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২২

আসন্ন পুরভোটে কলকাতা ও হাওড়ার প্রায় সোয়া দু’লাখ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। কিন্তু ছ’মাস পেরিয়ে গেলেও আবেদনকারীদের কাউকেই এখনও জোকার ট্রাইব্যুনাল কোর্টে ডাকা হয়নি। ফলে ভোটার তালিকায় নাম না থাকায় আগামী নভেম্বরের শেষে প্রস্তাবিত পুরভোটে কলকাতা ও হাওড়ার দু'লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন আবেদনকারীর ভোটদানের সম্ভাবনা কার্যত অনিশ্চিত। একই পরিস্থিতি রাজ্যের আরও ১১টি পুরসভা এলাকার লক্ষাধিক আবেদনকারীরও।

জাতীয় নির্বাচন কমিশনের দাবি, গত ছ’মাসে কলকাতা ও হাওড়ার পাঁচ হাজার ৪৮৫ জন ভোটারের আবেদন যাচাই করে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে জোকার ন'টি ট্রাইব্যুনাল কোর্ট। অর্থাৎ মোট আবেদনের মাত্র ২.৬৮ শতাংশের নিষ্পত্তি হয়েছে। বর্তমানে রাজ্যে একমাত্র জোকাতেই এই ট্রাইব্যুনালগুলি চলছে। উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালের সংখ্যা না বাড়ানো হলে সমস্ত আবেদন নিষ্পত্তি করতে আরও ১২ বছর সময় লেগে যেতে পারে।

নভেম্বরের শেষে পুরভোটের লক্ষ্যে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণের প্রক্রিয়া প্রায় শেষ করেছে রাজ্য সরকার। পুনর্বিন্যাসের পর কলকাতায় ২০৯টি এবং হাওড়ায় ৬৮টি ওয়ার্ড হয়েছে। তবে এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় সোয়া দু’লাখ ভোটার এখনও নিশ্চিত নন, আসন্ন পুরভোটে তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না। ফলে পুরভোটের প্রস্তুতি শুরু হলেও এই ভোটারদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি।

মঙ্গলবার পর্যন্ত ভবানীপুর, বন্দর, রাসবিহারী ও বালিগঞ্জ—এই চার বিধানসভা কেন্দ্রের কোনও আবেদনকারীকেই রাজ্য সরকারের ট্রাইব্যুনাল কোর্টে শুনানির জন্য ডাকা হয়নি। ভোটার তালিকায় নাম ফেরানোর আশায় আইনজীবীদের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করা ওই চার কেন্দ্রের কত জন শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে পুরভোটের আগেই সংশ্লিষ্ট ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বামপন্থী দলগুলি। একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস এবং কালীঘাট তৃণমূলও।


Share    

SIR