Land Record

অনলাইনে বিনামূল্যে মিলবে জমির খতিয়ান ও প্লট সংক্রান্ত তথ্যের সফ্ট কপি, বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য সরকার

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৪৩ সালের বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল বিধির ৩২০(এইচ) এবং ৩২০(আই) ধারাকে সংশোধন করা হয়েছে। ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের ৫৭ নম্বর ধারা ক্ষমতাবলে এই সংশোধন কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৫:১৮

জমি সংক্রান্ত পরিষেবাকে আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ‍্য সরকার। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর বৃহস্পতিবার সকালে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ‍্য সরকার জানিয়েছে, এ বার থেকে জমির খতিয়ান এবং প্লট সংক্রান্ত তথ‍্য জানতে কোনও টাকা খরচ করতে হবে না। রাজ‍্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সে কথা সমাজমাধ্যমে জানিয়েছেন।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৪৩ সালের বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল বিধির ৩২০(এইচ) এবং ৩২০(আই) ধারাকে সংশোধন করা হয়েছে। ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের ৫৭ নম্বর ধারা ক্ষমতাবলে এই সংশোধন কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে জমির খতিয়ান বা প্লট সংক্রান্ত তথ্য জানতে গ্রাহককে অনলাইনে আবেদন করত হত। আবেদন করার জন‍্য সরকারকে টাকা দিতে হত। তার পরেই খতিয়ান এবং প্লট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যেত। এ দিনের জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বার থেকে খতিয়ান এবং প্লট সংক্রান্ত তথ‍্য জানতে অনলাইনে কোনও টাকা সরকার নেবে না। কোনও প্রমাণীকরণ ফি বাবদ টাকা নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ডিজিটালি স্বাক্ষরিত সফ্ট কপি সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকেই গ্রাহকেরা পেয়ে যাবেন। খতিয়ানের পৃষ্ঠাসংখ্যা যতই হোক না কেন, তা পেতে কোনও আবেদন ফি বা প্রমাণীকরণ ফি গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে না। একই ভাবে প্লট সংক্রান্ত ডিজিটালি স্বাক্ষরিত তথ‍্যের সফ্ট কপিও বিনামূল্যে সংগ্রহ করা যাবে। তবে সার্টিফাইড হার্ড কপি বা অন্যান্য নথি সংগ্রহের ক্ষেত্রে সরকারকে টাকা টাকা দিতে হবে।

রাজ‍্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে নাগরিকদের ভূমি-সংক্রান্ত পরিষেবা গ্রহণ আরও সহজ হবে। তাতে নাগরিকদের আর্থিক বোঝাও কমবে। পাশাপাশি, প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে। ডিজিটাল মাধ্যমে দ্রুত ও ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করাও সম্ভব হবে। অর্থ দফতরের সম্মতি পাওয়ার পর বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। জারির দিন থেকেই তা কার্যকর হয়ে গিয়েছে।

শুক্রবার রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে জানিয়েছেন, “নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।”


Share