Smita Pandey

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নয়, ভাইরাল নোটিশ ‘এআই-জেনারেটেড', স্পষ্ট বার্তা কলকাতা পুরসভার

দেবেন্দ্র প্রতাপ সিং জানান, সম্প্রতি যে নোটিশটি সামাজমাধ্যমে ছড়িয়েছে, সেটি এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ডি পি সিং ও স্মিতা পান্ডে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১০:৫০

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও ভুয়ো নোটিশ প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে এবং কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং। তাঁরা স্পষ্ট জানান, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনও নোটিশও জারি করা হয়নি।

দেবেন্দ্র প্রতাপ সিং জানান, সম্প্রতি যে নোটিশটি সামাজমাধ্যমে ছড়িয়েছে, সেটি এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই ধরনের কোনও নোটিশ কখনও জারি করা হয়নি। ফলে হকার উচ্ছেদ নিয়ে প্রচারিত খবরের কোনও সত্যতা নেই।

পুরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বরো ভিত্তিক প্রি-মনসুন বৈঠক করা হবে। এর আগে রাজ্য স্তরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মেয়র পদ নিয়ে জল্পনার মধ্যেও কমিশনার স্পষ্ট করেন, ফিরহাদ হাকিম এখনও কলকাতার মেয়র পদে বহাল রয়েছেন। তিনি বলেন, কোনও ব্যক্তির পদত্যাগপত্র জমা দেওয়া এবং তা গৃহীত হওয়া দুটি আলাদা বিষয়। এখনও পর্যন্ত তাঁর পদত্যাগ গৃহীত হয়নি। একইভাবে মেয়র পরিষদের নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য তারক সিং পদত্যাগপত্র জমা দিলেও তা এখনও গ্রহণ করা হয়নি। তাই আসন্ন মনসুন প্রস্তুতি বৈঠকে তাঁদেরও আমন্ত্রণ জানানো হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথিত বেআইনি বাড়ি সংক্রান্ত অভিযোগ এবং কলকাতা পুরসভার অধিবেশন সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্মিতা পাণ্ডে।

এ ছাড়াও, কলকাতা পুরসভার চার কাউন্সিলর গ্রেফতার হলেও জনপরিষেবার কাজে কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। পুরসভার দাবি, পরিষেবা সচল রাখতে সমান্তরাল প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্তরে কাজ করে থাকে।


Share