Calcutta High Court

আরজি কর মামলায় নতুন মোড়! সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক, সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি সুজয় পাল

আদালত সূত্রে জানা গিয়েছে, পূর্বতন প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বেঞ্চটি ফৌজদারি মামলার আবেদন শুনত। তবে বর্তমানে সেই দায়িত্ব আর এই বেঞ্চের আওতায় নেই।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৯:৫১

আরজি কর মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। নিহত তরুনী চিকিৎসকের পরিবারের দায়ের করা পৃথক মামলা এবং এই সংক্রান্ত অন্যান্য মামলাগুলি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দেবাংশু বসাক-এর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাই কোর্ট জানায়, এই বেঞ্চ নিয়মিত ভাবে ফৌজদারি সংক্রান্ত মামলা শোনার জন্য নির্ধারিত নয়। পাশাপাশি, আরজি করের এই মামলার দীর্ঘ শুনানি প্রতিদিন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিচারপতি।

আদালত সূত্রে জানা গিয়েছে, পূর্বতন প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বেঞ্চটি ফৌজদারি মামলার আবেদন শুনত। তবে বর্তমানে সেই দায়িত্ব আর এই বেঞ্চের আওতায় নেই।

বিচারপতি বসাক জানান, মামলাটি শুনানির জন্য আদালতে মেনশন করা হয়েছিল এবং প্রধান বিচারপতির কাছেও ইমেল করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি প্রয়োজন এমন মামলা দ্রুত নিষ্পত্তি করা এই বেঞ্চের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আরজি কর সংক্রান্ত সমস্ত মামলাই রিলিজ করে দেওয়া হচ্ছে।

নিয়ম অনুযায়ী, এখন এই মামলাগুলি যাবে বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল-এর কাছে। তিনি ঠিক করবেন, কোন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।


Share